মুজিবুর রহমান রঞ্জু
চা শ্রমিকদের নতুন মজুরি, একাংশের প্রত্যাখান ও বিক্ষোভ
ফাইল ছবি
সম্প্রতি চা বাংলাদেশীয় চা সংসদ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বি-পাক্ষিক মজুরি চুক্তি হয়েছে। পূর্বের মজুরি চুক্তি শেষ হওয়ার দীর্ঘ ২২ মাস পর নতুন চুক্তির মাধ্যমে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা।
গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার শ্রীমঙ্গল প্রফিডেন্ট ফান্ড অফিসে দিনভর বৈঠক শেষে শ্রমিক ইউনিয়নের সম্পাদক ব্যতীত দু’পক্ষের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এই চুক্তি সন্তোষজনক নয় দাবি করে চা শ্রমিক সংঘসহ একাংশ তা প্রত্যাখান করে শুক্রবার সকালে বিক্ষোভ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চা বাংলাদেশীয় চা সংসদ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২ টাকা থেকে বেড়ে ১২০ টাকা করা হয়েছে। এতে চা শ্রমিকদের মজুরি এ-ক্লাস বাগানে ১২০ টাকা, বি ও সি-ক্লাস বাগানে ১১৮ ও ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। উৎসব বোনাসে ৪৫ দিনের মজুরির স্থলে ৪৭ দিন করা হয়েছে।
এর আগে ২০১৫ সনের ৬ অক্টোবর চা শ্রমিকদের মজুরি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ৬৯ টাকা থেকে ৮৫ টাকায় উন্নীত হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সনের ২০ আগস্ট স্বাক্ষরিত দ্বি-পাক্ষিক চুক্তি অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মজুরি ৮৫ টাকা বাড়িয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই চুক্তি স্বাক্ষরিত হয় পূর্বের চুক্তি স্বাক্ষরেরও দীর্ঘ ২০ মাস পর।
বর্তমান চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয় ২০১৯ সনের জানুয়ারিতে। তবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ কার্যকর থাকবে। গত ১৫ অক্টোবর দ্বিপাক্ষিত চুক্তি স্বাক্ষরিত হলেও অসুস্থতা জনিত কারণে সমঝোতা বৈঠকে না থাকায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরীর স্বাক্ষর নেই।
স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী ২০১৯ সনের জানুয়ারী থেকে চা শ্রমিকরা ১২০ টাকা হারে দৈনিক মজুরি পাবে। চুক্তিতে বাংলাদেশীয় চা সংসদ এর পক্ষে স্বাক্ষর করেন তাহসিন এ চৌধুরী, আলতামাস হাসান, মো. সেলিম রেজা, রিয়াজ উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি মাখন লাল কর্মকার, বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, পরেশ কালিন্দি, নৃপেন পাল, পঙ্কজ এ কুন্দা, ধনাবাউরী প্রমুখ।
তবে স্বাক্ষরিত এই চুক্তির প্রতিবাদে শুক্রবার সকালে কমলগঞ্জের শমশেরনগর, কানিহাটি, আলীনগর চা বাগানে শ্রমিকরা বিক্ষোভ করে অযৌক্তিক এই চুক্তি প্রত্যাখানের দাবি জানায়। নারী চা শ্রমিক লছমি রানী রাজভর, আশা অরনাল, কানিহাটি চা বাগানের শ্রমিক নেতা সীতারাম বীন, শমশেরনগর চা বাগান জাগরন যুব ফোরামের আহবায়ক মোহন রবিদাস ক্ষোভ প্রকাশ করে বলেন, মালিক পক্ষের স্বার্থের এই চুক্তির মধ্য দিয়ে শ্রমিকদের ঠকানো হয়েছে। এটি মোটেও বাস্তবসম্মত হতে পারে না।
এদিকে ১২০ টাকার মজুরি চুক্তিতে প্রত্যাখান জানিয়ে মৌলভীবাজার চা শ্রমিক সংঘের আহবায়ক রাজ দেও কৈরী ও যুগ্ম আহবায়ক হরি নারায়ন হাজরা শুক্রবার এক বিবৃতিতে জানান, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বাজারে চাল, আলু, পেঁয়াজসহ পণ্যদ্রব্যের দামের তুলনায় ১২০ টাকায় পাঁচ-সাত সদস্যের শ্রমিক পরিবারের কিছুই হবে না।
তারা গণস্বাক্ষরে মজুরি বোর্ডের কাছে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬৭০ টাকা দাবি করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন চা সেক্টরে সরকার গঠিত নিম্নতম মজুরিবোর্ড মজুরি নির্ধারণের কাজ অগ্রসর করে চলেছেন, সেরকম সময়ে মজুরি বোর্ডের কার্যক্রমকে কার্যত নিস্ত্রিয় করে অতীতের ধারায় দ্বি-পাক্ষিক চুক্তি করা হয়েছে? তারা এই চুক্তি প্রত্যাখান করেন।
নতুন চুক্তি স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করে বালিশিরা ভ্যালী ও মনু-ধলইভ্যালী সভাপতি বিজয় হাজরা ও ধনা বাউরী বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনার পর সবার সম্মতিতেই এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
সম্প্রতি চা শ্রমিকরা আন্দোলনমুখর হয়ে উঠায় সবদিক বিবেচনা করে চুক্তি স্বাক্ষরিত হয়। তারা বলেন, সম্পাদক রামভজন কৈরী অসুস্থ থাকায় চুক্তি স্বাক্ষরকালীন সময়ে উপস্থিত থাকতে পারেননি।
চুক্তি স্বাক্ষর বিষয়ে বাংলাদেশ চা সংসদ এর সিলেট এর চেয়ারম্যান জি.এম. শিবলী এর মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চা বাগান ব্যবস্থাপক চুক্তি স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনার প্রভাবে এসব নানা কারনে চুক্তি স্বাক্ষরে কিছুটা বিলম্ব হয়েছে। এ চুক্তিতে শ্রমিকরা সন্তুষ্ট বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ৭ অক্টোবর থেকে প্রতিদিনই দেশের ২২৮টি চা বাগানে কর্মবিরতি পালন করে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও পথ সভা করে আসছিল।
আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























