মুজিবুর রহমান রঞ্জু
আপডেট: ২০:৩৫, ২১ অক্টোবর ২০২০
৮ দফা দাবিতে ক্যামেলিয়া হাসপাতালের কর্মীদের মানববন্ধন
হাসপাতাল কর্মীদের মানববন্ধন
৮ দফা দাবি আদায়ে গত ৭ দিন ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস, পানিওয়ালা, কিচেন মালী, ক্লিনার, ধোপা, বাবুর্চি ও পাহারদারসহ বিভিন্ন পদে নিয়োজিত কর্মচারীরা ২ ঘণ্টা করে কর্ম বিরতি পালন করছেন।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে হাসপাতালে আগত ও ভর্তি রোগীদের সেবা অব্যাহত রেখেই এই কর্ম বিরতি পালন করা হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে গেলে দেখা যায়, এ হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লসসহ বিভিন্ন পদের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হাসপাতাল প্রবেশ পথে ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে। মানববন্ধনে বর্ক্তব্য রাখেন নার্স মেরি রাল্ফ, মুন্না চাষা, রাজু বর্মা, লক্ষিন্দর বৈদ্য, সুদর্শন তেলী প্রমুখ।
আন্দোলনকারীরা বলেন, তারা নিয়মিত দিবারাত্রি এ হাসপাতালে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এ হাসপাতালে আগত আউট ডোরের রোগী থেকে শুরু করে ভর্তি হওয়া রোগীদের সেবা দানে কোন প্রকার কার্পন্য করছেন না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের থেকে ন্যায্য সুযোগ সুবিধা পাচ্ছেন না। ফলে তাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে জীবন যাপন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্যও পালন করেছেন। এমনকি এ হাসপাতাল থেকে রেফার্ড করা রোগীদের মৌলভীবাজার সদর হাসপাতাল এমনকি সিলেট সদরে হাসপাতালে নিয়ে গেছেন।
গত বছর ১৭ অক্টোবর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের প্রশাসক বরাবরে এসব দাবি জানিয়ে লিখিত আবেদনও করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি কোন প্রকার সাড়া দেন নি। তাই বাধ্য হয়ে এই ৮ দফা দাবি আদায়ে গত ৭ দিন ধরে প্রতিদিন ২ ঘণ্টা করে তারা কর্ম বিরতি পালন করছেন।
ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, ওয়ার্ডবালিকাসহ বিভিন্ন পদের আন্দোলনকারীদের দাবিগুলো হচ্ছে-
১। সরকারি হাসপাতালের ন্যায় তাদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা প্রদান করা।
২। তাদের ইনক্রিমেন্ট ৩০ শতাংশের উপর বর্ধিত করা।
৩। তাদের বাসস্থান বরাদ্দ দেওয়া।
৪। তাদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ প্রদান করা।
৫। দুই বছরের অধিক কর্মরতদের চাকুরি স্থায়ী করা।
৬। প্রতি মাসে রেশনসহ চা পাতা প্রদান করা।
৭। গ্র্যাচুয়েটি প্রদান করা।
৮। অস্থায়ী শ্রমিকের মজুরি স্থায়ী শ্রমিকের সমান করা।
এ সম্পর্কে বক্তব্য জানার চেষ্টা করা হলেও ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন প্রশাসক ও দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।
আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























