ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫০, ২৮ অক্টোবর ২০২০
আপডেট: ২৩:৫৭, ২৮ অক্টোবর ২০২০

গৃহহীন চা-শ্রমিক এখন পাকা ঘরের মালিক

গৃহহীন চা-শ্রমিক তরুণ ভূমিজ পেলেন সরকারি ঘর। তিনি এখন পাকা ঘরের মালিক। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২ লাখ ২০ হাজার টাকা খরচে সেমি পাকা ঘরটি নির্মাণ করে দিয়েছে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন। অর্থায়ন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

সিলেটের বিভাগীয় কমিশনার, মো. মশিউর রহমান বুধবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানে উপকারভোগী চা-শ্রমিক তরুণ ভূমিজের ঘরে গিয়ে চাবি হস্তান্তর করে আসেন।

নতুন পাকা ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দরিদ্র চা-শ্রমিক তরুণ ভূমিজ। তিনি বলেন, ভাংগা ঘরে থাকতাম। ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়তো। এই পাকা ঘর যেন স্বয়ং ইশ্বরের দান। 

তিনি ঘর  উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ঘরের চাবি হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া, ইউপি মেম্বার শামসুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদরের বাস্তবায়নে নির্মিত হয়েছে ঘরটি। 

এই কার্যক্রমের আওতায় মৌলভীবাজার জেলার কয়েকটি চা বাগানে উপকারভোগীদের ১০টি পাকা ঘর ও ৫ টা ল্যাট্টিন নির্মাণ করে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত সচেতন। ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে তাদের প্রাপ্য সুযোগ - সুবিধা প্রদানে এবং তাদের সমস্যা নিরসনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি আরও বলেন, মুজিববর্ষে চলমান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার সকল গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করবে।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়