মৌলভীবাজার প্রতিনিধি
কুলাউড়ায় প্রশাসনের উদ্ধারের পর ফের খাসিয়াদের জমি দখলের চেষ্টা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে খাসিয়াদের জমি দখলদারদের কবল থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসন। কিন্তু সন্ধ্যা নামতেই সেই জমি আবারও দখলের চেষ্টা চালানো হয়েছে। খাসিয়া পুঞ্জির অভিযোগ, স্থানীয় প্রভাবশালী চক্র রফিকবাহিনী এ দখলের চেষ্টা চালিয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এর আগে দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের লোকজন অবৈধভাবে দখল করা পুঞ্জির একটি পরিবারের পান চাষের পাঁচ একর জমি উদ্ধার করে দেন।
এদিকে হামলা-ভাঙচুরের খবর পেয়ে রাতেই জনপ্রতিনিধিসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দখলমুক্ত পাঁচ একর জমি স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও পুঞ্জির বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইছাছড়া পুঞ্জিতে ৫২টি খাসিয়া পরিবার থাকে। সেখানকার বাসিন্দা জেসপার আমলেংরংয়ের প্রায় পাঁচ একর জায়গায় একটি পানের জুম রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর রাতে কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী রফিক মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে জেসপারের জুমে ঢোকেন। সেখানে পাহারার দায়িত্বে দুই ব্যক্তি ছিলেন। তাঁরা পাহারাদারদের তাড়িয়ে জুমটি দখল করে নেন। এ ব্যাপারে জেসপার আমলেংরং রফিক মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে একটি দল জুমে গিয়ে অভিযান শুরু করে। এ সময় জুমে অবৈধভাবে নির্মিত দুটি কাঁচা ও টিন শেডের একটি আধা পাকা ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা ওই জমি জেসপারকে বুঝিয়ে দেন।
এদিকে সন্ধ্যা সাতটার দিকে রফিক মিয়ার নেতৃত্বে প্রতিপক্ষের ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে পুঞ্জির আশপাশে অবস্থান নেন। এক ব্যক্তির মুদি দোকানে হামলা-ভাঙচুর চালান। এরপর পাশে অবস্থিত পুঞ্জির গির্জায় ঢুকে দুটি জানালা ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করেন। এ সময় পুঞ্জির লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া হয়। রাত নয়টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ, ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এবং স্থানীয় কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ রহমান ঘটনাস্থলে যান। টের পেয়ে হামলাকারীরা সটকে পড়েন।
কুলাউড়ায় বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার খাসিয়া ও গারো সম্প্রদায়ের সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং আজ মঙ্গলবার সকালে মুঠোফোনে বলেন, পান চাষের জমি দখলমুক্ত হওয়ার জের ধরে রফিক মিয়া এবং তার পক্ষের লোকজন পুঞ্জিতে হামলা-ভাঙচুর চালান। এ ঘটনার পর থেকে পুঞ্জির লোকজন খুবই আতঙ্কে রয়েছেন। তবে জনপ্রতিনিধিসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা তাঁদের পাশে আছেন। হামলা-ভাঙচুরের ঘটনায় পুঞ্জির লোকজনের পক্ষ থেকে মৌলভীবাজারের আদালতে মামলা হবে।
ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে গিয়ে হামলায় জড়িত কোনো লোককে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে জন্য দখলমুক্ত জমি আপাতত স্থানীয় ইউপির চেয়ারম্যানসহ দুই ইউপির সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। কোনো পক্ষ ওই জমিতে ঢুকতে পারবে না। ইউপির গ্রাম পুলিশের সদস্যরা জমিটি পাহারা দেবেন। খাসিয়া লোকজনের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হামলার বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে রফিক মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























