ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬,   আষাঢ় ৩ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৭, ১৪ নভেম্বর ২০২০

বড়লেখায় হত্যা মামলার আসামি গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় প্রতিপক্ষের নৃশংস হামলায় আমির উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় প্রায় দুই মাস পর পুশিল একজনকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জুড়ী থানা এলাকায় তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি আব্দুল্লাহকে (২৬) গ্রেফতার করে পুলিশ। আব্দুল্লাহ বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের নিজবাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আমির উদ্দিন স্ত্রীকে নিয়ে প্রতি রাতে নিজবাহাদুরপুরের এরালবিলের বাউরিখাল নামক স্থানে মাছ ধরতেন। সেখানে অস্থায়ী একটি ঘরে তারা রাত্রিযাপন করতেন। ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাউরিখালে মাছ ধরতে যান। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে আমিরের এক ভাতিজার মাধ্যমে খবর পেয়ে স্থানীয় সাধু কালীবাড়ি টিলা এলাকায় তাদের অজ্ঞান অবস্থায় পান স্বজনরা। এসময় স্বজনরা আমির উদ্দিনের জিহ্বা কাটা, দাঁত ভাঙা ও মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখম দেখতে পান। মুমূর্ষু অবস্থায় তারা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে আমির স্বজনদের কাছে ঘটনার বিবরণ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান। আমির উদ্দিন নিজবাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আমির উদ্দিনের মেয়ে জেনেফা বেগম জবা বাদী হয়ে প্রতিপক্ষের ১১ জনের নাম উল্লেখ করে বড়লেখা থানায় একটি মামলা করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন ১ থেকে ৩ নম্বর আসামির সাথে ভিকটিমের (তার বাবার) পূর্ব বিরোধ ও মনোমালিন্য চলছিল। যার কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ শনিবার সন্ধ্যায় বলেন, ‘বৃদ্ধের ওপর নৃশংস হামলা চালানো হয়। সংকটাপন্ন অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর তার মেয়ে বাদী হয়ে মামলা দেন। চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ মারা যান। মামলার পরপর আসামিরা পলাতক হয়। তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শনিবার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।’

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ