ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ৪ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজার আসার আক্ষেপ রয়ে গেল এআইজি সাঈদ তারিকুলের

সাঈদ তারিকুল হাসান

সাঈদ তারিকুল হাসান

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-অপারেশনস) সাঈদ তারিকুল হাসান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

জানা গেছে, মৃত্যুর আগে তিনি মৌলভীবাজার আসার ইচ্ছা পোষণ করেছিলেন এখানকার পুলিশ সুপার ফারুক আহমেদের কাছে। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হলো না। তার আগেই পরপারে পারি জমালেন অকালেই।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী আজুবা সুলতানা, দুই কন্যা তাসনিয়া আনজুম ও ওয়াদিয়া আরওয়া, এক ভাই, এক বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।সেখানে তিনি লিখেছেন,

"কিছুদিন আগে দাপ্তরিক কাজে ফোন করেছিলাম। কাজের কথা শেষে স্যার এর প্রশ্ন-কি ফারুক দাওয়াত দিলা না, মৌলভীবাজার বেড়াতে আসবো। আমি তখন যুতসই উত্তর খুঁজে বেড়াচ্ছি। বলে ফেললাম স্যার আমার এখানে আসার জন্য আপনার দাওয়াত লাগবে? আমি তো অপেক্ষায় আছি আপনি কবে আসবেন তার জন্য। তবে স্যার নিশ্চিত করেছিল আমার এখানে আসবেনই। আমিও মনে মনে অপেক্ষা করেছিলাম স্যারের আগমনের। এরপর আরো অনেকে আসলেন, গেলেন। স্যারের আসা হলো না। আজ স্যার মৌলভীবাজারে ঠিকই আসলো, আমার দু চোখের ক্রন্দন হয়ে।"

সাঈদ তারিকুল ১৯৭৫ সালের ২৭ নভেম্বর দিনাজপুর জেলার সদর থানাধীন মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আমিনুল ইসলাম এবং মাতা মোর্শেদা খাতুন।  

এআইজি সাঈদ ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

কর্মজীবনে তিনি রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ পুলিশ সদর দপ্তরে অপারেশনস উইংয়ের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত কৃতিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বিপিএম পদকে ভূষিত হয়েছেন এবং চারবার আইজিপি ব্যাজ পেয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানায়, শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজারবাগ পুলিশ লাইন্সসের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

তার অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইনিউজ/ওমর ফারুক নাইম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়