কমলগঞ্জ প্রতিনিধি
জনবল-চিকিৎসক সংকটে লাউয়াছড়ার ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার
ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারটি
জনবল ও চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারটি।
জানকিছড়া বনক্যাম্প এলাকায় অবস্থিত রেসকিউ সেন্টারে বন্যপ্রাণী থাকলেও তাদের চিকিৎসা প্রদানের জন্য নেই কোন চিকিৎসক। প্রাণীগুলোর রক্ষণাবেক্ষণের জন্য চিকিৎসকসহ প্রশিক্ষণপ্রাপ্ত ৪-৫ জন লোকের প্রয়োজন থাকলেও বর্তমানে ২জন কর্মরত আছেন। ফলে ব্যাহত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া প্রাণীগুলোর রক্ষণাবেক্ষণের কাজ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, পশ্চিম ভানুগাছের সংরক্ষিত বনের প্রায় ১,২৫০ হেক্টর এলাকাকে বন্যপ্রাণী (সংরক্ষণ, সংশোধন) আইন অনুযায়ী ১৯৯৬ সালের ৭ জুলাই জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।
এই বনে রয়েছে ৪৬০ প্রজাতির দুর্লভ বন্যপ্রাণী ও গাছপালা। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভচর, ৬ প্রজাতির সরিসৃপ, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ২৪৬ প্রজাতির পাখি রয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশে অবশিষ্ট অঞ্চলের চিরহরিৎ বর্ষা বন বা রেইন ফরেষ্টের মত, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করার পর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের আওতাধীন এই বনের জীববৈচিত্র্য রক্ষায় জানকিছড়া ক্যাম্পের ভিতরে তৈরি করা হয় ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার।
রেসকিউ সেন্টারটি তারের বেড়া দ্বারা আবদ্ধ থাকলেও দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেন্টারটির ভবনগুলোর চারদিকে ঝোঁপ-জঙ্গলে আচ্ছাদিত হয়ে রয়েছে। দেখলে মনে হবে যেন অনেকদিন ধরে কারো পদচারণা ঘটেনি এখানে। শুধুমাত্র প্রাণীগুলোর রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৪-৫ জন লোকের প্রয়োজন থাকলেও বর্তমানে ২জন দিয়েই কাজ চালানো হচ্ছে দায়সারা ভাবে। তারমধ্যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত জুনিয়র ওয়াউল্ড লাইফ স্কাউট ও অন্যজন বনপ্রহরী।
সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, প্রশিক্ষণপ্রাপ্ত জুনিয়র ওয়াউল্ড লাইফস্কাউট ঋষু বড়ুয়া সেখানে থাকা বন্যপ্রাণীদের দেখভাল করেন। তবে তার অবর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন তার সহকারি বন প্রহরী মো.ইব্রাহিম। বন প্রহরীর বিষয়ে দক্ষতা থাকলেও এখানে রাখা প্রাণীগুলোর খাবার বন্টন ও দেখভাল সম্পর্কে সেরকম কোন দক্ষতা নেই ইব্রাহিমের।
অপরিষ্কার-অপরিচ্ছন্নতার মধ্যেই রেসকিউ সেন্টারটিতে বর্তমানে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া ২টি মেছোবাঘ, ৫টি বানর ও ছোট-বড় ৩টি বার্মিজ অজগর সাপ রয়েছে। সেন্টারটিতে মূলত আক্রান্ত-অসুস্থ প্রাণীকে উদ্ধার করে সেবা দিয়ে সুস্থ করে তোলার পর সেগুলোকে আবার বনের নিরাপদ স্থানে অবমুক্ত করার কথা। তবে প্রাণী চিকিৎসক না থাকায় গুরুতর আক্রান্ত প্রাণীর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়।
ফলে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল প্রাণী সম্পদ চিকিৎসা কেন্দ্রের সহায়তা নেওয়া হয়। গত ৪ বছর ধরে চিকিৎসক ছাড়াই চলছে এই রেসকিউ সেন্টারটি।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সরকারি অর্থায়নে জানকিছড়া ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার ও সেবাকেন্দ্র করলেও এখানে নেই কোন চিকিৎসক। তাছাড়া পর্যাপ্ত লোকবলও নেই। বাধ্য হয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ তাদের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আহত প্রাণী পাঠায়। তখন এসব আহত বন্যপ্রাণীদের সেবা দিয়ে সুস্থ করে ফেরত দিলে আবার সেগুলোকে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া বলেন, বন্যপ্রাণীর অভয়ারণ্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের অনেক প্রাণী খাদ্যের জন্য লোকালয়ে গেলে স্থানীয়দের হাতে এমনকি মাঝে মধ্যে শিকারিদের হাতে আহতাবস্থায় আটকা পড়ে। পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার পরও বন বিভাগ এসব প্রাণী উদ্ধার করে নিয়ে আসেন লাউয়াছড়া রেসকিউ সেন্টারে।
কয়েক কোটি টাকা ব্যয়ে এ সেন্টার নির্মাণ করা হলেও দূর্ভাগ্যজনক বিষয় হল, উদ্ধার হওয়া আহত প্রাণীগুলোর চিকিৎসার জন্য নেই কোন পশু চিকিৎসক।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক মো. আনিসুর রহমান বলেন, জনবল সংকটের কারণে রেসকিউ সেন্টারটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ ৪ বছর ধরে চিকিৎসক না থাকায় আহত অবস্থায় কোন বন্যপ্রাণী উদ্ধার করে আনলে তা পার্শ্ববর্তী পশু সম্পদচিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়। নতুবা বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে দিয়ে দেয়া হয়, তারাই সুস্থ করে তোলে। তবে জনবল সংকট নিরসনের জন্য উচ্চ পর্যায়ে সুপারিশ করা হয়েছে। জনবল নিয়োগ দিলেই পুনরায় প্রাণ ফিরে পাবে সেন্টারটি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























