ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৮, ৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ০১:০৮, ১০ ডিসেম্বর ২০২০

বড়লেখায় কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

জেহিন সিদ্দিকী

জেহিন সিদ্দিকী

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর প্রকৃত নাম কী তা নিয়ে প্রশ্ন ওঠেছে। ওই প্রার্থী আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্রে নিজের নাম জেহিন সিদ্দিকী বলে উল্লেখ করেছেন।

ভোটার আইডির তথ্য বলছে, তার নাম জেহিন সিদ্দিকী। তবে বাস্তবে তার পাসপোর্টের নামের সাথে ভোটার আইডির কোনো মিল নেই। পাসপোর্টের তথ্য বলছে, তার নাম জাহিনুল হক মো. হোসাইন সিদ্দিকী। ফলে তার প্রকৃত নাম জেহিন সিদ্দিকী নাকি জাহিনুল হক মো. হোসাইন সিদ্দিকী, তা নিয়ে প্রশ্ন ওঠেছে।

এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থী নাদের আহমদ ওই প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে গত ৬ ডিসেম্বর জেলা প্রশাসক ও আপীল কর্তৃপক্ষের নিকট আপিল করেছেন। 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) আপিলের শুনানি হয়েছে। তবে বুধবার (৯ ডিসেম্বর) এ সংবাদ লেখা পর্যন্ত আপিলের রায় হয়নি। 

আপিলে উল্লেখ করা হয়েছে, বড়লেখা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকী একজন প্রতিদ্বন্ধী প্রার্থী হন। মনোনয়ন দাখিলের পর গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আপিলকারীর মনোনয়ন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষণা করেন। কিন্তু ওই ওয়ার্ডের প্রতিদ্বন্ধী প্রার্থী জেহিন সিদ্দিকী মনোনয়নপত্রে নামের তথ্য গোপন রাখা স্বত্বেও জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। 

যাচাই-বাছাইকালে বিজ্ঞ নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আপিলকারীর আপত্তির বিষয়ে কোনোরূপ সুনির্দিষ্ট  বক্তব্য উল্লেখ না করে জেহিন সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করেন।

এতে বলা হয়, ওই প্রার্থী তার বাংলাদেশী পাসপোর্টে (ইঞ০৪১২৩১৮) জাহিনুল হক মো. হোসাইন সিদ্দিকী নাম উল্লেখ করেছেন। এছাড়া তিনি বিদেশ গমনের জন্য গত ১৫ জুলাই সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষায় তার পাসপোর্টের নাম ব্যবহার করেছেন।

কিন্তু তিনি মনোনয়নপত্রে যে নাম উল্লেখ করেছেন তার সাথে পাসপোর্টের নামের কোনো মিল নেই। এতে তিনি নিজের নাম সংক্রান্ত তথ্য গোপন করে নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘন করেছেন।

এ বিষয়ে জানতে বুধবার বড়লেখা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকীর মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি কল ধরেন নি।

বাদীপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম বুলবুল বুধবার বলেন, বড়লেখা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্রে নিজের নাম জেহিন সিদ্দিকী উল্লেখ করেছেন। কিন্তু তার পাসপোর্ট আর জন্মসনদ অনুযায়ী তার জাহিনুল হক মো. হোসাইন সিদ্দিকী। অর্থাৎ মনোনয়নপত্রে উল্লেখ করা নামের সাথে পাসপোর্ট আর জন্মসনদের নামের কোনো মিল নেই। তিনি নিজের নাম সংক্রান্ত তথ্য গোপন করে নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে আমরা জেলা প্রশাসক ও আপীল কর্তৃপক্ষের নিকট আপিল করেছি। এখনও রায় হয়নি। আমরা সন্তুষজনক রায় না পেলে এ বিষয়ে উচ্চ আদালতে যাবো।

এ ব্যাপারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘আইনের বাইরে কারও নির্বাচনে অংশ নেওয়ার যাওয়ার সুযোগ নেই। এই বিষয়ে আইন যা বলছে তাই হবে।’

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়