ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:১৬, ১৯ ডিসেম্বর ২০২০

শত্রুতার জেরে পুড়ে ছাই মাড়াইয়ের ধান

আগুনে পুড়ে যাওয়া ধান

আগুনে পুড়ে যাওয়া ধান

মাড়াইয়ের জন্য ১৩৫ শতক জমির পাকা আমন ধান কেটে রাখা হয়েছিল বাড়ির উঠানে। কিন্তু পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করল সেই সব ধান।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামের প্রয়াত বলানন্দ সিংহের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩৫ শতক জমির পাকা আমন ধান কেটে প্রয়াত বলানন্দ সিংহের বাড়ির উঠানে রাখা হয় শুক্রবার বিকেলে। শনিবার এ কাটা ধান মাড়াই দেওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে কাটা ধান পুড়িয়ে দেয়।

শনিবার সকালে কৃষি মজুররা ধান মাড়াই করতে এসে দেখেন জমাটবদ্ধ করে রাখা কাটা ধান দাউ দাউ করে জ্বলছে। 

কৃষি মজুরদের চিৎকারের এ বাড়িসহ প্রতিবেশী মানুষজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান। তবে এর আগে অধিকাংশ ধান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী অক্ষয় কুমার সিংহ ও জয়লক্ষী সিংহ বলেন, শনিবার ভোরে কৃষি মজুরদের চিৎকার শুনে জেগে দেখেন বলানন্দ সিংহের বাড়ির ধান পুড়ছে। তখন এ আগুন নেভাতে তারাও এগিয়ে আসেন।

বলানন্দ সিংহের পরিবার জানান,  তাদের পরিবারের দুই পুরুষ সদস্য চাকুরির কারণে বাড়ির বাহিরে থাকেন। পুরুষশূন্য বাড়ি বলে বর্গা চাষী দিয়ে ধান চাষাবাদ করেন। জমির ধান কেটে মাড়াই করতে বাড়িতে এনে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে সে ধান পুড়িয়ে দিয়েছে। আগুনে প্রায় ৬০ মন ধান পুড়ে গেছে। এখন ভয় হচ্ছে পরবর্তীতে যদি দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয় ভেবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবর পেয়ে শনিবার সকালে এসে ঘটনাস্থল পরিদর্শন করে তাদেরকে থানায় সাধারণ ডায়েরী করতে পরামর্শ দিয়েছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনা তারা শুনেননি। এমনকি কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্তক্রমে  ব্যবস্থা গ্রহণ করা হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়