ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ১৯ ডিসেম্বর ২০২০

ঢাকা-সিলেট রুটে জয়ন্তিকা ও উপবনে নতুন লাল-সবুজ কোচ

সংগৃহীত

সংগৃহীত

ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস ট্রেনে যুক্ত হলো নতুন লাল সবুজ কোচ। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এই কোচ দিয়ে যাত্রীরা ঢাকা থেকে সিলেট ও সিলেট থেকে ঢাকায় চলাচল করতে পারবেন।

কমলাপুর রেলস্টেশন থেকে গত ১৮ ডিসেম্বর সকালে আনুষ্ঠানিক ভাবে নতুন কোচ নিয়েই সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস।

নতুন কোচ যুক্ত করার পর জয়ন্তিকা এক্সপ্রেসের আসন সংখ্যা থাকছে দিনে ৬৫৩ টি এবং রাতে ৬৩৮ টি। অন্যদিকে উপবন এক্সপ্রেসে দিনে ট্রেনের আসন সংখ্যা ৬৫৩ এবং রাতে ৬৩৮ টি। সাপ্তাহিক ডে-অফ জয়ন্তিকার মঙ্গলবার আর উপবনের সোমবার।

নতুন কোচ চালুর পর থেকে আনন্দিত সিলেটবাসী। এই কোচ চালুর জন্য দীর্ঘদিনের দাবী ছিল সিলেটবাসীর। যার প্রেক্ষিতে যাত্রীসেবার মানোন্নয়নে ও নিরাপদ ট্রেন চলাচলের স্বার্থে নতুন কোচ দ্বারা পরিচালনা করা হচ্ছে বলে জানায় রেল বিভাগ।

আসামের চা রোপণকারীদের দাবির প্রেক্ষিতে ১৮৯১ সালে আসাম বেঙ্গল রেলওয়ে বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণের কাজ শুরু করে। ১৯১২-১৫ সালে কুলাউড়া ও সিলেট অঞ্চলে রেলওয়ে স্টেশন চালু হয়। শুরুর দিকে রেললাইন দিয়ে চা ও বিভিন্ন মালামাল বহন করতো ব্রিটিশরা। এরপর রেললাইন দিয়ে বাড়তে থাকে মানুষের যাতায়াত।

১৯৮৫ সালে যাত্রীদের যাতায়াত বাড়ায় ঢাকা-সিলেট চট্টগ্রাম রুটে চারটি ট্রেন সংযুক্ত করে তৎকালীন সরকার। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সময় সিলেট রুটে সংযুক্ত করা হয় আরও দুটি ট্রেন।

বর্তমান সময়ে প্রতিদিন ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ছয়টি ট্রেনে পাঁচ হাজারের মতো মানুষ চলাচল করলেও রয়েছে টিকেট সংকট। তবে দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল ট্রেনের বগি পুরোনো হয়ে গেছে। পাওয়া যায় না ক্যাবিন, চেয়ার কোচের টিকিট।

অনেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার জন্যও পান না ট্রেনের টিকিট। বগির টয়লেটে অনেক সময় পানির ব্যবস্থা থাকে না। দীর্ঘদিন পর এই সমস্যার কিছুটা অবসান হবে বলে মনে করছেন যাত্রীরা।

এ বিষয়ে সিলেট রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, নতুন উপবন-জয়ন্তিকা ট্রেন ১৪টি লাল-সবুজ নতুন কোচ দ্বারা পরিচালিত হবে। এতে এসি কেবিন কোচ ১টি, এসি চেয়ার কোচ ২টি, শোভন চেয়ার কোচ ৭টি, পাওয়ার কার ও খাবার গাড়ি ২টি ও গার্ড ব্রেক রয়েছে ২টি।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়