ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০২, ৭ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে জরিমানা করেও মানানো যাচ্ছে না লকডাউন

লকডাউনে শহরের অবস্থা

লকডাউনে শহরের অবস্থা

করোনাভাইরাসের সংক্রমণরোধে শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিন মৌলভীবাজারে পালিত হচ্ছে ঢিলেঢালাভাবে। জনসাধাণকে জরিমানা করেও মানানো যাচ্ছে না লকডাউন। 

স্বাস্থ্যবিধি নিশ্চিতে লকডাউনের গত দুই দিনে জরিমানা করা হয়েছে ৭০ হাজার ১শত টাকা। সোমবার (৫ এপ্রিল) প্রথম দিনের লকডাউনে  শহরের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ জনকে মোট ৩১ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। লকডাউনের দ্বিতীয় দিন সোমবার (৬ এপ্রিল) অর্ধ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৮ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড করে জেলা প্রশাসন।

প্রশাসনের চেষ্টা থাকার পরও লকডাউনের টানা তৃতীয়দিনেও জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন প্রবণতা দেখা যায়নি। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আগের তুলনায় শহরে ২০ শতাংশ ব্যস্ততা কম। বাকি ৮০ শতাংশ চিত্র অনেকটা আগের মতোই আছে। কাঁচাবাজার ও সড়কে জনসমাগম বেশ লক্ষণীয়। এছাড়া মানুষের মুখে নেই মাস্ক। আবার থাকলেও অনেকেরই দেখা যায়, থুতনিতে কিংবা পকেটে মাস্ক। কারো চারপাঁচদিনের পুরনো মাস্ক। 

চলাচল করছে সিএনজি চালিত অটোরিকশা, টমটম ও প্রাইভেট যান। গাদাগাদি করেই চড়ছেন মানুষ। 

শহরের পশ্চিম বাজারের এক ব্যবসায়ী বলেন, নাম মাত্র এই লকডাউনের কোন মানে নেই। এটা শুধু সরকারের নিষেধাজ্ঞা পালন হচ্ছে। আমরা এক শাটার খুলে আছি। হঠাৎ কখন পুলিশ এসে জরিমানা করে দেয় চিন্তায় আছি। শাটার খুলে রাস্তায় দাঁড়িয়ে আছি। পুলিশ আসার সাথে সাথে দোকান বন্ধ করে দেবো। 

সিএনজি চালক মুমিন বলেন, লকডাউনে গাড়ি বন্ধ রাখতে সমস্যা নেই। কিন্তু দেখছি কেউ মানছে না । হঠাৎ পুলিশ আসে আবার চলে যায়।

আরেক চালক আশিক মিয়া বলেন, গরীব মানুষ। গাড়ি না চালালে কিস্তি দেবো কি আর খাব কি। 

ব্যবসায়ী কায়ছার আহমদ বলেন, পবিত্র এই রমজান ব্যবসার মৌসুম। এ সময়ে দোকানপাট বন্ধ থাকলে না খেয়েই মরতে হবে।  

ব্যবসায়ী সামিউল ইসলাম বলেন, গত বছরের লকডাউনে অনেকের ব্যবসা বসে বসে গেছে। অনেক বিপন্ন ব্যবসায়ী রাস্তায় নেমে গেছেন। 

লকডাউন ও করোনা পরিস্থিতি সম্পর্কে দেশসেরা স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম আব্দুল্লাহ  বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা ছাড়া করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই মহামারী প্রতিরোধে জনগণকে চুড়ান্তভাবে সচেতনভাবে চলাফেরা করতে হবে। 

এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান এবং জনসচেতনতা বৃদ্ধিতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানিয়েছেন তিনি।

করোনা সংক্রমণের শীর্ষে থাকা মৌলভীবাজারে সর্বশেষ সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মৌলভীবাজারে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৮৯ জনে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ শতাংশ।

আইনিউজ/কেএইচএস/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়