ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ২১:০৩, ১২ এপ্রিল ২০২১

করোনার বিরুদ্ধে সতর্ক অবস্থানে খাসিয়ারা

দেশে করোনাভাইরাসের আক্রমণের পর থেকেই সচতেনতামূলক উদ্যোগ নিয়ে সুনাম কুড়াচ্ছে মৌলভীবাজারের খাসিয়া পুঞ্জিগুলো। এরই ধারাবাহিকতায় এবার খাসিয়া যুবকদের উদ্যোগে পুঞ্জিতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক।

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি যুব সংঘের উদ্যোগে রোববার (১১ এপ্রিল) বিকেলে পুঞ্জির প্রবেশ পথ ও প্রতিটি বসত বাড়ির আশপাশের আঙ্গিনায় জীবাণুনাশক ছিটায় যুবকেরা।

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি যুব সংঘ সূত্রে জানা যায়, গত বছর ২০ মার্চ থেকে বৃহত্তর সিলেট বিভাগের ৭০টি খাসিয়া পুঞ্জির অংশ হিসেবে এ পুঞ্জিতে নিজস্ব উদ্যোগ লকডাউন করা হয়েছিল। সে সময় খাসিয়া পুঞ্জিতে কোন পান পাইকার,পর্যটক, মেহমান বা বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আবার পুঞ্জির লোকজন পুঞ্জির বাহিরে জরুরি প্রয়োজনে হাট বাজার করতে গেলে তারা স্বাস্থ্যবিধি মেনে বের হয়েছেন। আবার পুঞ্জিতে ফিরলেও তারা হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে প্রবেশ করতো। তাছাড়া বাজার থেকে কেনা পণ্য সামগ্রীতে জীবাণুনাশক ছিটিয়ে আধা ঘন্টা রেখে তার পর পুঞ্জির ভেতরে নিয়ে যেতেন খাসিয়া সদস্যরা।

এ কড়া নিয়ম মেনে চলায় সিলেট বিভাগের কোন খাসিয়া পুঞ্জির কোন সদস্য করোনা আক্রান্ত হয়নি। তবে সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় এবং করোনার ধরণ পরিবর্তিত হওয়ায় ঝুঁকি রয়েছে বেশী। এ চিন্তায় লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে যুব সংঘের উদ্যোগে জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করেছে যুব সংঘের সদস্যরা।

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির যুব নেতা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজয় সুছিয়াং বলেন, গত বছর করোনা সংক্রমণের শুরুতেই খাসিয়া পুঞ্জিগুলোতে নিজ উদ্যোগ লকডাউন করে রাখা হয়েছিল। সরকারের দেয়া নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলায় খাসিয়া পরিবারের কোন সদস্য করোনা আক্রান্ত হয়নি। এবার আগাম সতর্কতা হিসেবে যুবকরা জীবাণুনশক ছিটাচ্ছে।

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্রী (গ্রাম প্রধান) ফিলা পতমী বলেন, গত বছর করোনা সংক্রমণের শুরুতেই পুঞ্জিতে নিজেরাই লকডাউন দিয়ে সতর্কতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলায়, তারা নিরাপদ ছিলেন। এখন আবার নতুন রুপে করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় পুঞ্জিগুলোর লকডাউন বহাল রেখে যুবকরা পুরো পুঞ্জির বসতঘর এলাকাসহ আশপাশে জীবাণু নাশক ছিটাচ্ছে। তিনি আর বলেন জরুরী প্রয়োজনে অনুমতি স্বাপেক্ষে খাসিয়া সদস্যরা পুঞ্জির বাহিরে গেলে তাকে স্বাস্থ্য বিধি মেনে বের হতে হচ্ছে। আবার পুঞ্জিতে ফিরলেও স্বাস্থ্যবিধি মেনে জীবাণুমুক্ত হয়ে পুঞ্জির ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এ নিয়ম সবগুলো খাসিয়া পুঞ্জিতে রয়েছে বলেও ফিলা পতমী জানান।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়