রিপন দে ও সাজু মারছিয়াং, লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ থেকে
আপডেট: ১৮:১৪, ২৪ এপ্রিল ২০২১
নিয়ন্ত্রণে লাউয়াছড়ার আগুন, কেমন আছে প্রাণবৈচিত্র্য?
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসের সাড়ে তিন ঘণটার চেষ্টায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া সংরক্ষিত জাতীয় উদ্যানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সংরক্ষিত বন এবং বন্যপ্রাণীর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
আগুন লাগার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে দেড় থেকে দুই একর পরিমাণ বন পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও বন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
লাউয়াছড়ায় আগুন
স্থানীয়রা জানান, শনিবার (২৪ এপ্রিল) লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে বন বিভাগের কয়েকজন শ্রমিক কাজ করছিল। তার পাশে বেলা ১২ টার দিকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। পরে ফায়ার সার্ভিস কমলগঞ্জ ইউনিটকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিকাল চারটার দিকে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ার জানান, প্রায় এক থেকে দেড় একর বন পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস কমলগঞ্জ ইউনিটের মো. ফারুকুল ইসলাম বলেন, দুই থেকে তিন একর পরিমাণ বনভূমি পুড়ে গেছে।
বেলা ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়
বনে পানি সংকট ও ফায়ার সার্ভিসের প্রতিকূলতা
ফায়ার সার্ভিস কমলগঞ্জ ইউনিটের মো. ফারুকুল ইসলাম বলেন, আমাদের কাছে যে পরিমাণ পানি ছিলো তা দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনি। কিন্তু বনের গভীর অংশে রাস্তা না থাকায় সেখানে আমরা প্রবেশ করতে পারিনি। সেখানে ঢুকতে গিয়ে আমাদের কয়েকজন আটকাও পড়েন। তাছাড়া বনের আশপাশে তিন কিলোমিটারের মধ্যে পানি নেই। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বনের প্রায় দুই একরের মতো জায়গা পুড়ে গেছে। বিকাল চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা নুরুল ইসলাম বলেন, ধারণা করছি শ্রমিকদের সিগারেটের আগুন থেকে বা কেউ ইচ্ছে করে লাগিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করে বলা যাবে।
ঘটনা তদন্তে কমিটি
ঘটনা তদন্তে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন- বন মামলা পরিচালক জুলহাস উদ্দিন।
মির্জা মেহেদি সরোয়ার আইনিউজকে বলেন- অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে আমরা এরইমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। দুইদিনের মধ্যে রিপোর্ট জমা দেবো।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বিকাল ৩.২৯ মিনিটে মুঠোফোনে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনে আমি এখন যাচ্ছি। এই অগ্নিকাণ্ডে বনের দেড় একরের মতো জায়গা পুড়ে গেছে জেনেছি। ঘটনার কারণ উদঘাটনে দুই সদ্যসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তৎপরতা
কেমন আছে প্রাণবৈচিত্র্য?
কেমন আছে মিশ্র চিরহরিৎ বন লাউয়াছড়ার প্রাণবৈচিত্র্য? উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্যে কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ার বলেন, তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
মিশ্র চিরহরিৎ বন লাউয়াছড়া
লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের বন জীববৈচিত্র্যে ভরপুর। বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দে এই বনকে 'জাতীয় উদ্যান' হিসেবে ঘোষণা করে। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।
নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ বর্ষাবন বা রেইন ফরেষ্টের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে, এবং অনেক ওপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মত সৃষ্টি করে। এই বন এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়েনা বললেই চলে। -উইকিপিডিয়া
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


























