ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ২১:১৩, ২৪ এপ্রিল ২০২১

খাসিয়া যুবককে হাত-পা বেঁধে নির্যাতন: দায় স্বীকার রেঞ্জ কর্মকর্তার

তুচ্ছ ঘটনায় বন কর্মীরা মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা পানজুমে প্রবেশ করে খাসিয়া যুবক ফরমি সুছিয়াংকে মারধর করে ধরে নিয়ে হাত-পা বেঁধে আটকে নির্যাতন করেছিল। গত ২০ এপ্রিল দুপুরে ঘটা এ ঘটনার পর আহত যুবককে উদ্ধার করে বুধবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানোসহ খাসিয়া সম্প্রদায়ে ক্ষোভের সৃষ্টি হয়।

এর জেরে রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তার অনুরোধে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় ইসলামপুর ইউনিয়ন পরিষদে এক সামাজিক বৈঠক বসে। এ বৈঠকে ঘটনার দায় স্বীকার করে রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি দায়ী বনকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা স্বরুপ অন্যত্র বদলি করবেন বলে জানান। তাছাড়া আহত খাসিয়া যুবক ফরমি সুছিয়াং এর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

সামাজিক বৈঠক সম্পর্কে জানার চেষ্টা করে মুঠোফোনে কল করেও রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মো. নজরুল ইসলামকে পাওয়া যায়নি। তবে সামাজিক বৈঠকের সভাপতি ইসলামপুর ই্উনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান এ বৈঠকে বনরেঞ্জ কর্মকর্তার দায় স্বীকার, দায়ী বনকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আহত খাসিয়া যুবকের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার গ্রহণের সত্যতা নিশ্চিত করেন।

কুরমা খাসিয়া পুঞ্জির সহকারী মান্রী ছারলেস সু:ঙ মুঠোফোনে বলেন, ইউপি চেয়ারম্যানের উদ্যোগে সামাজিক বৈঠকে বনরেঞ্জ কর্মকর্তা যে আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন হয় কিনা কুরমা পুঞ্জির খাসিয়ারা পর্যবেক্ষণ করতে এক সপ্তাহ সময় নিয়েছেন।

খাসি সোশ্যাল কাউন্সিল সভাপতি মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মান্রী, জিডিশন প্রধান সুছিয়াং বলেন, ঘটনার সাথে বনবিট কর্মকর্তাও জড়িত ছিলেন। তাই শুধু বনকর্মীদের বদলি করলে হবে না। অভিযুক্ত কুরমা বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে আগামীতে কুরমা বনবিটের বনকর্মীরা আবারও কোনো না কোনোভাবে নতুন সমস্যার সৃষ্টি করবে বলে আশঙ্কা থেকে যায়।

সামাজিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন কুরমা খাসিয়া পুঞ্জির সহকারী মান্রী ছারলেস সু:ঙ, নির্যাতিত খাসি যুবক ফরমি সুছিয়াং,ও তার পরিবার সদস্যরা, কুরমা খাসিয়া পুঞ্জির মান্রী যামিনি লাম্বাং, খাসিয়া পুঞ্জির মান্রীদের সংগঠন খাসি সোসাল কাউন্সিলের সাধারণ সম্পাদক এলিসন সু:ঙ ও সদস্য পাত্রখোলা খাসিয়া পুঞ্জীর মান্রী প্রিছিংলি সু:ঙ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের যুবনেতা ভীমপল সিনহা প্রমুখ।

আইনিউজ/সাজু মারছিয়াং 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়