ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ১ মে ২০২১
আপডেট: ২০:২৭, ১ মে ২০২১

উত্তপ্ত রাজনগরের মুন্সিবাজার: সংঘর্ষে আহত অন্তত ২০ জন, আটক ৫

উত্তপ্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার। ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর প্রবাসী রাহেল হোসেন অনুসারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়তে হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাত ১০ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুন্সিবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে পাঁচজনকে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে আছে পুলিশ।

স্থানীয়রা জানান, আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মী ও অনুসারীদের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছিল। যার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনার সূত্রপাত হিসাবে স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৩টায় বাজারে মাছ কিনতে যান মুন্সিবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া। এ সময় মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী রাহেল হোসেনের গ্রামের (নোয়াটিলা) বশর মিয়ার সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায় বসর মিয়া বাজার থেকে গ্রামে ফিরে বিষয়টি রাহেল হোসেনকে জানান। পরে রাহেল হোসেন গ্রামের লোক নিয়ে বাজারে অবস্থান নেন। এদিকে ছালেক মিয়া খবর পেয়ে তিনিও প্রস্তুতি গ্রহণ করেন। পূর্ব বিরোধের জেরে বিকাল থেকেই উভয় পক্ষ ভেতরে ভেতরে সংঘর্ষের প্রস্তুতি নেন। রাত ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়াতে চাইলে মুন্সিবাজার ক্যাম্প পুলিশ উভয় পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়। রাত ১০টার দিকে ফের উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং গুলি ছুঁড়েন।

এই সংঘর্ষে বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়ার ভাই জুনেদ আহমদ (৪২) গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া একই গ্রুপের সিজু আহমদ (৩৫) জুয়েলসহ (৩০) আরও ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী রাহেল হোসেন (৩৭) গুলিবিদ্ধ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গ্রুপের মিটন মিয়া (৩০), শাহীন মিয়া (২৫) রুবেল আহমদসহ (২৫) আহত হয়েছেন আরও ১০ জন।

সংঘর্ষের খবর পেয়ে রাজনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে জেলা সদর থেকে পুলিশের বিশেষ একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে আইনিউজকে বলেন, এই ঘটনায় দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযানে আছে।

আইনিউজ/এইচকে/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়