ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২৯ মে ২০২১
আপডেট: ২০:৪৪, ২৯ মে ২০২১

চা পাতা চুরির সংবাদ জানানোর জেরে চা শ্রমিকদের উপর দু’দফা হামলা

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান থেকে কাঁচা চা পাতা চুরি করে নেয়ার সংবাদ বাগান কর্তৃপক্ষকে জানানোর কারণে ক্ষিপ্ত হয়ে চা পাতা চোরচক্র তথ্য প্রদানকারী শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। হামলায় ৩ চা শ্রমিক আহত হয়েছেন এবং হামলাকারীরা শ্রমিকদের বাড়িঘর ভাঙচুর করে গরু, ছাগল, দোকানের মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উল্টো নির্যাতিতদের আসামী করে থানায় মামলা করেছে বাগান কর্র্তৃপক্ষ। ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বাগানে সহকারী ব্যবস্থাপকের বাংলোর সামনে বিক্ষোভ করেছে।

চা শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, কমলগঞ্জে ডানকান ব্রাদার্স আলীনগর এর ফাঁড়ি বাগান সুনছড়ার চা পাতা চুরি করে নিয়ে যাচ্ছিল স্থানীয় এলাকার কয়েকজন। দেখতে পেয়ে বাগানের শ্রমিক স্বপন নায়েক ও হরিনারায়ণ হাজরা টিলা ক্লার্ক গোপাল চক্রবর্তীকে অবহিত করেন। পরে গোপাল চক্রবর্তী চা পাতা চোরদের কাছে তথ্য প্রদানকারী শ্রমিকদের নাম প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আলীনগর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মঈনুল আহমেদ রাত শুক্রবার রাতে স্থানীয় বাজারে চা শ্রমিক স্বপন নায়েক ও হরিনারায়ণ হাজরাকে মারধোর করে বেঁধে রাখে। সংবাদ পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা জানতে পারে টিলা ক্লার্ক তাদের নাম বলায় ঘটনাটি ঘটেছে। এসময় তারা বিচার চেয়ে সহকারী ব্যবস্থাপকের বাংলোয় যান। সেখানে ব্যবস্থাপককে না পেয়ে বাংলোর সামনে রক্ষিত ফুলের টব ভাঙচুর করেন।

চা শ্রমিক স্বপন নায়েক ও হরিনারায়ণ হাজরা জানান, ব্যবস্থাপককে না পেয়ে বাংলোর সামনে রক্ষিত ফুলের টব ভাঙচুরের পর মঈনুল স্থানীয় চিতলীয়া গ্রামের রশীদ উল্লা, ইব্রাহিম মিয়া, সেলিম মিয়া, মন্নান আলী, হান্নান মিয়া, সাকেলসহ চা পাতা চোরচক্রের সদস্যরা বাড়িতে সশস্ত্র হামলা চালায়। হামলায় চা শ্রমিক স্বপন নায়েক, হরিনারায়ন হাজরা ও কানাইলাল হাজরা আহত হন। 

তাদের দাবি, হামলা সময় ঘরের ৭টি গরু, ৫টি ছাগল, দোকানের ক্যাশ থেকে নগদ ৩০ হাজার টাকা, একটি দানবাক্স লুটে নেয় হামলাকারীরা। হামলাকারীরা রাতে রাস্তা অবরোধ করে রাখায় আহতদের হাসপাতালে পাঠানো যায়নি বলেও অভিযোগ করেন তারা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে রাতে আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চা বাগানে সহ-ব্যবস্থাপকের বাংলোর সামনে ফুলের টব ও জানালার গ্যাস ভাঙচুরের ঘটনায় সহ-ব্যবস্থাপক ফারুক আহমেদ বাদী হয়ে উল্টো হরিনারায়ণসহ ৭জনকে আসামী করে শনিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

চা বাগানের টিলা ক্লার্ক গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, চাপের মুখে পড়ে তথ্য প্রদানকারীর নাম বলতে হয়েছে।

চা বাগান ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী জানান, সংবাদ পেয়ে আমাদের স্টাফরা সেকশনে গিয়ে চা পাতা চুরি করতে কাউকে পায়নি। শ্রমিকরা আমাকে অভিযোগ দিলে আমি ব্যবস্থা গ্রহণ করতাম। তারা সহকারী ব্যবস্থাপকের বাংলোয় ভাঙচুর করেছে। বিষয়টি জানতে পেরে বাগানের পাহারাদারদের হামলায় দু’তিন জন শ্রমিক আহত হয়েছেন। তবে টিলা ক্লার্ক চা পাতা চুরির তথ্যপ্রদানকারীদের নাম বলা ঠিক হয়নি।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, বাংলো ভাঙচুরের ঘটনায় চাবাগানের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। তবে আহতদের ঘটনা ভিন্ন। তারাও যদি অভিযোগ দেয় তাহলে মামলা নেয়া হবে। 

আইনিউজ/এএ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়