ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৭, ২ জুন ২০২১
আপডেট: ১০:৫৫, ৩ জুন ২০২১

মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ ফেরত আরও ১৭ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার শহরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৬৯ জনের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে মৌলভীবাজার-২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টাইন করা হয়েছে। 

এর আগে শ্রীমঙ্গলে চাঁপাইনবাবগঞ্জ ফেরত আরো ১২ জনের করোনা  শনাক্ত হয়েছিল। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফেরত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। তারা সবাই শহরের পাড়ায় পাড়ায় এবং গ্রামে গ্রামে প্লাস্টিক পণ্য ফেরি করে বিক্রি করতো। 

মৌলভীবাজারে সদ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা লোকজনের সংবাদ আই নিউজ ডট নিউজে প্রচারের পর অনুসন্ধানে নামেন মেয়র ফজলুর রহমান, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও পুলিশ। অনুসন্ধান করে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৬৯ জনকে খুঁজে বের করা হয়। রোববার (৩০ মে) মৌলভীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডে বড়কাপন এলাকায় তিনটি কলোনি ও চাঁদনীঘাট এলাকার গুজারাই গ্রামের কলোনি লকডাউন করা হয়।

গত ৩০ মে চিহ্নিত করার আগ পর্যন্ত তারা জেলাজুড়ে পণ্য ফেরি করে বেড়িয়েছেন। এদিকে তাদের মধ্যে ভারতীয় ধরন আছে এমন আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। 

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু পরিবার মৌলভীবাজার শহরতলীর বড়কাপন ও শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকায় বসবাস করে ফেরি করে মৌসুমী ফল ও প্লাস্টিক পণ্য বিক্রি করেন। রোজার ঈদে তারা চাঁপাইনবাবগঞ্জ বাড়ি গিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন শ্রীমঙ্গলে ফেরার পর গত শনিবার (২৯ মে) পরিবারের সদস্যসহ ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তখন ১২ জনের করোনা শনাক্ত হয়। তাদেরই দেয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার শহরের বড়কাপনে ৬১ ও চাঁদনীঘাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ফেরত আরো ৮ জনকে  শনাক্ত করা হয়। গত সোমবার (৩১ মে) তাদের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার (০২ জুন) নমুনার ফলাফলে ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, তারা সবাই আইসোলেশনে আছেন এবং বাড়ি লকডাউনে আছে। বুধবার (০২ জুন) মোট ১১৯টি নমুনার মধ্যে ২৩টি রিপোর্ট পজেটিভ আসে। সংক্রমণের হার ১৯.৩০%। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ ফেরত ১৭ জন। 

চাঁপাইনবাবগঞ্জ ফেরত সংক্রমিতরা ভারতীয় ধরন বহন করছেন কি না এটা জানতে হলে জিনোম সিকুয়েন্স পরীক্ষার প্রয়োজন বলে জানান সিভিল সার্জন। এজন্য অনুরোধ করে সাস্টের ল্যাবে চিঠি পাঠানো হয়েছে। তারা সংরক্ষিত নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠাবে।

মৌলভীবাজার জেলায় ২ জুন পর্যন্ত দুই হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই হাজার ৩৩৬ জন। মারা গেছেন ৩০ জন।

এদিকে মৌলভীবজার পৌরসভার মেয়র ফজলুর রহমান আইনিউজকে বলে বড়কাপন এলাকায় যে তিনটি কলোনীতে চাঁপাইনবাবগঞ্জ ফেরত ফেরওয়ালা থাকতেন, সেখানকার আশেপাশের ৭টি দোকানপাট বন্ধ করা হয়েছে। সেসব দোকানের প্রায় ২৫ জন মালিক-কর্মচারীদের নিজ নিজ বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে। সবার করোনা টেস্ট করা হবে। ফলাফল অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। 

আইনিউজ/এএ/কেএইচএস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়