ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:২৮, ৯ জুলাই ২০২১
আপডেট: ২২:১০, ৯ জুলাই ২০২১

নিষেধাজ্ঞা অমান্য করায় মৌলভীবাজারে আরও ১৪৪ মামলা, আটক ৩০

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের নবম দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় মৌলভীবাজারে ১৪৪ টি মামলায় ৬৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। সারা জেলায় ১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া শুক্রবার (৯ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৩০ জনকে সাময়িকভাবে আটক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে অর্থদণ্ড করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মৌলভীবাজার জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন মৌলভীবাজার মডেল থানার পুলিশ ও ব্যাটালিয়ন পুলিশের সদস্যরা।

মৌলভীবাজারে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেইসাথে তাল মিলিয়ে বাড়ছে সংক্রমণের হারও। গত একদিনে জেলায় আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩৭টি নমুনা পরীক্ষায় এই ৬৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪৯ শতাংশ। গতকাল এই আক্রান্তের হার ছিলো ৩১ শতাংশ। সেই তুলনায় একদিনের ব্যবধানে বেড়েছে সংক্রমণের হার।  

জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৭১ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন। তিনি রাজনগরের বাসিন্দা। মোট মৃত্যুর সংখ্যা ৩৯ জন। শুক্রবার (৯ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। 

সারাদেশে করোনাভাইরাসের আপডেট: দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনাভাইরাস। ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে রেকর্ড ২১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যূবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪ জনে।

শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে শনাক্ত করা হয়েছে ১১ হাজার ৩২৪ জন করোনা রোগীকে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৫৪৩ জনে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়