ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

এস আলম সুমন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২২

কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর গ্রামে এলাকাবাসীর চলাচলের সরকারি রাস্তা (বিপি সম্পত্তি) দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন ওই এলাকার পারুল বেগম নামের এক মহিলা। গ্রামবাসী প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় তাঁদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিকার চেয়ে এলাকার প্রায় ২৫ জন লোক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এর অনুলিপি সহকারী কমিশনার (ভূমি) কে দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে ও স্থানীয় এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন, আব্দুল মতিন, শফিক উদ্দিন, আব্দুর রব, রেজাউল ইসলাম, আব্দুল রুপ, আলাউদ্দিন, মাছুম আহমদ, নজরুল ইসলামসহ একাধিক বাসিন্দা জানান, বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর এলাকার একটি রাস্তা দিয়ে এলাকার লোকজনসহ স্থানীয় সহ¯্রাধিক কৃষক হাকালুকি হাওরে কৃষিকাজের জন্য যাতায়াত করেন। ওই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের স্ত্রী পারুল বেগম ২০১৫ সালে রাস্তা ঘেষে তাঁর দোকানের একটি সিঁড়ি নির্মাণ করেন। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দিলে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন সিঁড়ি নির্মাণের সত্যতা পান। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ওই সিঁড়ি অপসারণ করা হয়। গত ৫দিন ধরে বাড়ির উত্তরপাশের  সরকারি ম্যাপ অনুযায়ী প্রায় ১৫ ফুট রাস্তা দখলে নিয়ে একপাশে আবারো সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন পারুল বেগম। এলাকাবাসী সড়ক দখল করে প্রাচীর নির্মাণ না করার জন্য তাঁকে অনুরোধ করেন। কিন্তু পারুল বেগম উল্টো তাঁদের হুমকি দেন প্রাচীর নির্মাণে বাঁধা দিলে র‌্যাবে তাঁর লোক রয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা রাস্তা দখল বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরেএকটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে কর্তৃপক্ষ বরমচাল ইউনিয়নের দায়িত্বরত তহশীলদার দিয়ে প্রাচীর নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দেন।

এদিকে পারুল বেগম জোরপূর্বক প্রাচীর নির্মাণের পায়তারা চালিয়ে যাচ্ছেন এবং গাড়ি দিয়ে ইট আনছেন বলে ভূক্তভোগীরা জানান।

অভিযুক্ত মহিলা পারুল বেগম জানান, স্থানীয় সার্ভেয়ার দিয়ে জরিপ করে আমি প্রাচীরের কাজ শুরু করি। প্রাচীর নির্মানের সময় স্থানীয় কয়েকজন লোক বাঁধা দেন। এলাকার লোকদের সাথে রাস্তা নিয়ে আমার বিরোধ দীর্ঘদিনের। সরকারি তহশিলদার কাজ বন্ধ রাখার কথা বলেছেন।

সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা জানান, রাস্তা দখল করে সরকারি জায়গার ওপর প্রাচীর নির্মাণের বিষয়টি জেনেছি। প্রাচীরের কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তারপরও যদি ওই মহিলা কাজ বন্ধ না করেন তাহলে জনস্বার্থে রাস্তাটি উদ্ধারে ব্যবস্থা নিবো।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়