ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ৭ মে ২০২৬

অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির তীব্র প্রতিবাদ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভয়েস রেকর্ড প্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।

বুধবার (৬ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকে “Moulvibazar-3200” নামের একটি পেজ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের গণমানুষের নেতা এম নাসের রহমান এমপি’র বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, অপপ্রচারের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. ফয়জুল করিম ময়ূনের নাম জড়িয়ে একটি ভুয়া ভয়েস রেকর্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। জেলা বিএনপির দাবি, রেকর্ডটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে বলা হয়, জননন্দিত নেতা এম নাসের রহমান এমপি’র দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ এবং জনগণের প্রতি দায়বদ্ধতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন নেতার বিরুদ্ধে নয়, বরং গণতান্ত্রিক রাজনীতির সুস্থ ধারার বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়।

জেলা বিএনপি স্পষ্টভাবে জানায়, প্রচারিত ভয়েস রেকর্ডের সঙ্গে মো. ফয়জুল করিম ময়ূনের কোনো সংশ্লিষ্টতা নেই। একইসঙ্গে বিএনপির নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না বলেও দাবি করা হয়।

বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

শেষে জেলা বিএনপি জানায়, দলটি সবসময় সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে ছিল এবং থাকবে। সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব জনগণই যথাসময়ে উপযুক্তভাবে দেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ