ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৮, ১১ মে ২০২৬

শ্রীমঙ্গলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনী চত্বরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শ্রীমঙ্গল ফারিয়ার সাধারণ সম্পাদক জামাল মুসরাফিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অপসোনিন ফার্মা লিমিটেডের শ্রীমঙ্গল এরিয়া ম্যানেজার হুয়ামুন কবির, এরিস্টোফার্মার এমপিও মোহাম্মদ আলী, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এমপিও আসাদুর রহমান এবং ফারিয়ার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন নাসির।

এ সময় উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল এর সভাপতি দেবব্রত দত্ত হাবুল, দপ্তর সম্পাদক সুদীপ দে এবং কোষাধ্যক্ষ শাহবুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালবিরোধী অভিযানের নামে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের (ওষুধ কোম্পানির প্রতিনিধি) আটক ও হয়রানি করা হয়। আমরা কোম্পানির প্রতিনিধি হিসেবে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। কিন্তু রোগীর দালাল ধরার সময় ভুলবশত অনেক ক্ষেত্রে ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরও আটক করা হয়। এ বিষয়ে কোম্পানি বা মালিকপক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না।”

তারা আরও বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন। আমরা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। আমাদের পেশাকে হেয় প্রতিপন্ন না করে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ