ঢাকা, শনিবার ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৮, ২৬ জুন ২০২৬

কমলগঞ্জে সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাটে ধলাই নদীর সেতুর উত্তর পাশ থেকে আমরতল হয়ে দেওড়াচড়া পর্যন্ত সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন এবং কাদার সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। বিশেষ করে ধলাই নদীর পাড়সংলগ্ন অংশ, মধ্যবর্তী এলাকা এবং শেষভাগের তিনটি টিলা এলাকার সড়কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে চলাচল প্রায় দুর্বিষহ হয়ে পড়ে। বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে তলিয়ে যায় এবং কাদায় ভরে যায় পুরো সড়ক। এতে শিক্ষার্থীরা প্রায়ই পা পিছলে পড়ে আহত হয়, পোশাক নষ্ট হওয়ায় অনেকেই বিদ্যালয়ে যেতে পারে না। এছাড়া জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়।

এলাকার বাসিন্দা মো. মাহমুদ আলী বলেন, "আমার পাঁচ সন্তান স্কুলে যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বড় বড় গর্ত, পানি ও কাদার কারণে তারা স্কুলে যেতে চায় না।"

আরেক বাসিন্দা মো. আব্দুর রশিদ বলেন, "সরকার আসে, সরকার যায়, কিন্তু এই সড়কের উন্নয়ন আর হয় না। বছরের পর বছর আমরা একই দুর্ভোগে আছি।"

এ অবস্থায় এলাকাবাসী মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, "সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কটির দ্রুত সংস্কার ও স্থায়ীভাবে পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ