ঢাকা, রোববার ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৮, ২৭ জুন ২০২৬

শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা শঙ্খিনী সাপ উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ বৌলাশী এলাকায় একটি বসতবাড়ির বাউন্ডারি জালে প্রায় এক সপ্তাহ ধরে আটকে থাকা একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (২৭ জুন) সঞ্জয় চক্রবর্তীর বাড়ির বাউন্ডারি জালে সাপটি আটকে থাকতে দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। তারা জানান, উদ্ধার হওয়া সাপটি একটি শঙ্খিনী, যা বাংলাদেশের অন্যতম বিষাক্ত সাপ। এ সাপের বিষ নিউরোটক্সিক প্রকৃতির। এর বিষ স্নায়ুতন্ত্রে আঘাত হেনে শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম ব্যাহত করতে পারে এবং সময়মতো চিকিৎসা না পেলে তা প্রাণঘাতী হতে পারে।

উদ্ধারকারীরা জানান, সাপটির শারীরিক অবস্থা ও জালে আটকে থাকার ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি প্রায় এক সপ্তাহ ধরে সেখানে আটকে ছিল। দীর্ঘ সময় আটকে থাকায় সাপটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় বাউন্ডারি জালের একটি অংশ সতর্কতার সঙ্গে কেটে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী বা সাপ দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে। এতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়