ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২০, ৩০ জুন ২০২৬

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময় সভা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারে জেলার দুই প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ এবং বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় সাংবাদিকরা সীমান্তবর্তী শমশেরনগর সড়কের যানজট, সরকারি কলেজ সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা, ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ছিনতাই, কাগজপত্রবিহীন অটোরিকশা চলাচল, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

জবাবে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা ব্যক্তিগতভাবে জানাতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সরকারি কলেজ সড়কে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়ে দূরপাল্লার ট্রাক চলাচল নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়