ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৫, ২৪ ডিসেম্বর ২০২০

সিলেটে আরেকটি ইসলামী অনুষ্ঠান থেকে বাদ পড়লেন মামুনুল

সিলেটের বিয়ানীবাজারের পর এবার ওসমানিনগরের ওয়াজ-মাহফিল থেকে বাদ দেওয়া হলো বিতর্কিত বক্তা হেফাজতের মামুনুল হককে। আগামী ২৬ ডিসেম্বর হতে যাওয়া এক ইসলামী মহাসম্মেলনে অতিথি করা হয়েছিলো তাঁকে। কিন্তু সাম্প্রতিক বিতর্কের মুখে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

এর আগে সিলেটের বিয়ানীবাজারেও একটি অনুষ্ঠান থেকে বিতর্কের মুখে বাদ দেওয়া হয় মামুনুল হককে। 

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার পূর্বনির্ধারিত ইসলামী মহাসম্মেলন হওয়ার কথা। যেখানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল হেফাজত নেতা মামুনুল হকের।

তবে বিতর্কিত এ নেতার আগমনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে জানিয়ে থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। এতে করে মাদ্রাসা কর্তৃপক্ষ মামুনুল হককে সম্মেলনে না আনার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মাওলানা মামুনুল হকের আগমন উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ পোস্টার লিফলেটসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা শুরু করে। এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষের নানা প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো। বিষয়টি নিয়ে ওসমানীনগর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলার সুশীল সমাজ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসেন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হক ওসমানীনগরে এলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা ছিল। বিষয়টি নিয়ে লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা ওসমানীনগরের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মাওলানা মামুনুল হককে মহাসম্মেলন না আসতে অনুরোধ জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ মামুনুল না আসার ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহনুর আহমদ। তিনি বলেন- স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় আগামী ২৬ ডিসেম্বর আমাদের মাদ্রাসার মহাসম্মেলনে মাওলানা মামুনুল হক আসছেন না।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আওয়ামী লীগ নেতা ও আমাদের অনুরোধে মাদ্রাসা কর্তৃপক্ষ মামুনুল হককে না আনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়