কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
এআই প্রযুক্তি দিয়ে তৈরি প্রতীকী ছবি।
মৌলভীবাজারের কমলগঞ্জে মিতৃংঙ্গা চা বাগানে রাতের দায়িত্ব পালনকালে পাঁচ শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান। হামলায় আহত পাঁচ শ্রমিককে প্রথমে বাগানের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিতৃংঙ্গা চা বাগানের ২৬ নম্বর সেকশনের সীমানা গেটসংলগ্ন চৌকিদারদের অবস্থানের ঘরে এ হামলার ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হলেন সুবল মুন্ডা (৩০), রাজেশ হাজং (২৫), সুমন গড় (৩০), ফুল চাঁন উড়াং (৫৮) ও রতন উড়াং (৪০)। তাঁরা সবাই মিতৃংঙ্গা চা বাগানের স্থায়ী শ্রমিক এবং সেকশন চৌকিদারের দায়িত্বে ছিলেন।
কমলগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান উল্লেখ করেন, রাতের দায়িত্ব পালনকালে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি বাঁশের লাঠি, কাঠের রুল, লোহার রড ও ধারালো দা নিয়ে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে সুবল মুন্ডা ও রাজেশ হাজংয়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম হয়। সুমন গড়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি বাম হাতে ফাঁটা জখম হয়। ফুল চাঁন উড়াং ও রতন উড়াংকেও লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শ্রমিকদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। এ সময় আহত শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
পরে আহত শ্রমিকদের মিতৃংঙ্গা চা বাগানের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চা বাগানের বিভিন্ন সেকশনে চৌকিদাররা পাহারার দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনরত শ্রমিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় বাগানের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে হামলার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
মিতৃংঙ্গা চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান বলেন, ‘আহত শ্রমিকদের হাসপাতালে নেওয়ার পর আমি সেখানে গিয়ে তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























