নিজস্ব প্রতিবেদক
‘সিলেটিরা শুদ্ধ বাংলা বলতে পারে না’ মন্তব্যের প্রতিবাদ
ছবি: আই নিউজ
‘সিলেটিরা শুদ্ধ বাংলা বলতে পারে না’ বলে হুমায়রা নুরের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নেতৃবৃন্দ। একই সঙ্গে অতিসত্বর ওই বক্তব্য প্রত্যাহার করে সিলেটবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসেইন এমবিই, প্যাট্রন ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাবেক চেয়ারপার্সন ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, সদস্যসচিব ড. মুজিবুর রহমান, অর্থসচিব এম. আসরাফ মিয়া, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, সদস্যসচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি টেলিভিশন টকশোতে হুমায়রা নুর সিলেটি ভাষা ও লন্ডনপ্রবাসী সিলেটিদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা সিলেটবাসী ও সিলেটি ভাষাভাষী মানুষের জন্য অবমাননাকর। এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, বাংলাদেশের কোনো আঞ্চলিক ভাষা নিয়ে বিদ্রূপ বা অবজ্ঞা না করে এসব ভাষার ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যকে সম্মান করা উচিত। দেশের প্রতিটি অঞ্চলের ভাষা ও সংস্কৃতি বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, “ভাষা মহান আল্লাহর দান। তিনি মানুষকে বিভিন্ন ভাষা শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে এবং প্রত্যেক ভাষারই নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও বৈশিষ্ট্য রয়েছে।”
তিনি বলেন, “সিলেটি কোনো ভুল বাংলা নয়। এর রয়েছে নিজস্ব শব্দভাণ্ডার, উচ্চারণরীতি, ব্যাকরণ ও সাংস্কৃতিক ঐতিহ্য। সিলেটি ভাষার রয়েছে শত বছরের প্রাচীন ‘সিলেটি নাগরি’ লিপি, যা এ ভাষার স্বতন্ত্র ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন।”
মোহাম্মদ মকিস মনসুর আরও বলেন, সিলেটের ভাষা, শিক্ষা ও সংস্কৃতির রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস। উপমহাদেশের ইতিহাসেও সিলেট অঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাই সিলেটি ভাষাকে অবজ্ঞা বা বিকৃত বাংলা হিসেবে উপস্থাপন করা সিলেটের ভাষা ও সংস্কৃতির প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।
তিনি বলেন, “সিলেটি ভাষা আমাদের মায়ের ভাষা। এই ভাষার নিজস্ব বৈশিষ্ট্য ও ঐতিহ্য রয়েছে। তাই কোনো ভাষা বা ভাষাভাষী মানুষকে হেয় না করে প্রত্যেকের ভাষাগত পরিচয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান দেখানো উচিত।”
বিবৃতিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নেতৃবৃন্দ হুমায়রা নুরের বক্তব্য দ্রুত প্রত্যাহার এবং সিলেটবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
ইএন/এসএ
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























