ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ২৮ আগস্ট ২০২৬

সিলেটে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সিলেটের দক্ষিণ সুরমায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দক্ষিণ সুরমা থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ ও বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট ও জেলা প্রশাসন, সিলেটের যৌথ আভিযানিক দল দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালায়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে নিউ শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্টের মালিক মো. ছালাউদ্দিন খানকে ৫০ হাজার টাকা এবং ভাই ভাই ফুড প্রোডাক্টসের মালিক মো. মিজানুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়