ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ২৮ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ির গোয়ালঘরে ঢুকে পড়া অজগর সাপ আতঙ্ক সৃষ্টি করেছে। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ভাড়াউড়া ৫ নম্বর বস্তি কোয়ার্টারে গিয়াস উদ্দিনের বাড়ির গোয়ালঘরে অজগর সাপটি ঢুকে পড়ে। এ সময় গোয়ালঘরে থাকা চার দিন বয়সী একটি মুরগির মাকে অজগরটি খেয়ে ফেলে। অজগরটি দেখতে পেয়ে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বাড়ির মালিক গিয়াস উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তারা সতর্কতার সঙ্গে গোয়ালঘর থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, অজগরটি লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। অজগর সাধারণত মানুষের জন্য আক্রমণাত্মক নয়, তবে অসতর্কভাবে কাছে গেলে বিপদ ঘটতে পারে। তাই লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বসতবাড়ির কাছাকাছি অজগর সাপের উপস্থিতিতে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করায় স্বস্তি ফিরেছে এলাকায়।

উদ্ধারের পর অজগরটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হতে পারে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়