মৌলভীবাজার প্রতিনিধি
ধানের শীষে বিজয় হলে এই আসনে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান
ছবি: আই নিউজ
ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে রাজনগর ও মৌলভীবাজার সদরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
তিনি বলেন, রাজনগর ও মৌলভীবাজার সদর দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বিএনপি সরকার গঠন করলে এবং এই আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হলে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ এবং মৌলিক সেবা খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
বুধবার বিকেলে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য এবং সংরক্ষিত আসনের নারী সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম নাসের রহমান বলেন, গত পাঁচ দশক ধরে দেশের সংসদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল ধানের শীষ ও নৌকা প্রতীকের মধ্যে। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ ও নৌকা প্রতীক কার্যত রাজনীতির মাঠে নেই এবং অদূর ভবিষ্যতেও তাদের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
তিনি বলেন, “আজ ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত দুটি সার্ভে প্রতিষ্ঠানের প্রতিবেদনে দেখা গেছে, টানা দুই সপ্তাহ জরিপ চালিয়ে প্রকাশিত ফলাফলে ৪৮ শতাংশ সাবেক আওয়ামী লীগ সমর্থক বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে। ২৩ শতাংশ জামায়াতকে ভোট দেওয়ার কথা জানিয়েছে, আর শহরাঞ্চলে কিছু ভোট এসসিপির দিকে যাচ্ছে।”
আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে আসা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের দিকে ভোট যাওয়ার বিষয়টি বিস্ময়কর। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, মৌলভীবাজারে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ভোটাররাও বাস্তবতা উপলব্ধি করে শেষ পর্যন্ত বিএনপিকেই ভোট দেবেন। কারণ এখন এটি স্পষ্ট যে আগামী সরকার কোন দল গঠন করতে যাচ্ছে।
জামায়াত প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, “জামায়াতের প্রকৃত অর্থে কোনো বড় ভোটব্যাংক নেই। আগে তাদের ভোট ছিল ১০ থেকে ১২ শতাংশ। বর্তমানে তা সর্বোচ্চ ২০ শতাংশ হতে পারে। বড়জোর তারা ৩০ থেকে ৪০টি আসন পেতে পারে। এর বেশি নয়। আর সেটাও দেশের জন্য শুভ হবে না।”
তিনি আরও বলেন, “এই দেশে জামায়াতে ইসলামির মতো স্বাধীনতাবিরোধী শক্তি রাষ্ট্রক্ষমতায় আসবে এটা দুঃস্বপ্নেও ভাবা উচিত নয়। দেশপ্রেমিক জনগণ এবং রাষ্ট্রের দায়িত্বশীল শক্তি কখনোই তা অনুমোদন করবে না।”
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়; এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। যারা অতীতে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে সকাল থেকে ভোটকেন্দ্রে যেতে হবে।”
উন্নয়ন ও কল্যাণমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে এম নাসের রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। রাজনগর ও মৌলভীবাজার সদরের রাস্তাঘাট, সেতু, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবায় ব্যাপক উন্নয়ন সাধন করা হবে।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে। পাশাপাশি সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও পানিব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষকদের জন্য বিশেষ ঘোষণায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালু করা হবে। এছাড়া কৃষকদের নেওয়া সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করা হবে, যাতে তারা ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারেন।
তিনি আরও বলেন, মৌলভীবাজার ও রাজনগরে অতীতে যে উন্নয়ন হয়েছে, তার বড় অংশ শহীদ এম সাইফুর রহমান ও বিএনপি সরকারের আমলেই বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতেও বিএনপি নির্বাচিত হলে এই এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, নিরাপদ পানীয় জল এবং যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন নিশ্চিত করা হবে।
সভায় সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























