Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

কিশোর গ্যাং থাকবে না, সব গ্যাং মনু নদে ভেসে যাবে: নাসের রহমান

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারবাসীকে আশ্বস্ত করে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরের কথা এডাল্ট গ্যাংসহ কোনো গ্যাংয়েরই অস্তিত্ব থাকবে না। চাঁদাবাজির কোনো শব্দও কেউ শুনবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে ইয়ুথ ফোরাম মৌলভীবাজারের আয়োজনে ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও প্রাণবন্ত যুবসমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, “মৌলভীবাজার ও রাজনগরের তরুণদের মাঠমুখী করতে সুটিং ক্লাব চালু করা হবে এবং নিয়মিত ফুটবল লিগ আয়োজন করা হবে। শেরপুরের আইনপুর মাঠকে পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠে রূপান্তর করা হবে। পাশাপাশি কলেজ মাঠগুলো উন্নয়ন করে ফুটবল ও ক্রিকেট অনুশীলনের স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, আধুনিক সুইমিংপুল নির্মাণ ও ফুটবল লিগ চালু করা হবে সর্বোচ্চ অগ্রাধিকারে। কাবাডি খেলোয়াড়দের জন্য আলাদা একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি একটি আধুনিক মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে, যাতে তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়।

কাশীনাথ স্কুলে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে নাসের রহমান বলেন, সেখানে কোনো ধরনের বাণিজ্যিক মেলার অনুমতি দেওয়া হবে না। খেলাধুলার জায়গা খেলাধুলার জন্যই থাকবে।

কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “মৌলভীবাজারে কোনো গ্যাং থাকবে না। কিশোর গ্যাং তো দূরের কথা এডাল্ট গ্যাংও না। সব গ্যাং মনু নদে ভেসে যাবে। চাঁদাবাজির কোনো শব্দ মৌলভীবাজারে কেউ শুনবে না।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এম নাসের রহমানের জ্যেষ্ঠ কন্যা ও কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমিরা রহমান। তিনি বলেন, তিনি নিজে একজন স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ। ছোটবেলা থেকেই ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস ও বাস্কেটবল খেলেছেন। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে উল্লেখ করে তিনি বলেন, “একজন স্পোর্টসম্যান হিসেবে ডিসিপ্লিনড জীবনযাপন করাই খেলাধুলার মূল শিক্ষা।”

মৌলভীবাজার ও রাজনগরে আরও খেলার মাঠ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, এর জন্য বিজ্ঞান শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

মতবিনিময় সভায় কলেজ শিক্ষার্থী, বিভিন্ন ক্রীড়া সংগঠনের খেলোয়াড় ও কোচ, সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা খেলাধুলা, শিক্ষা ও যুব উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এম নাসের রহমান তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়