Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের সার্বিক উন্নয়নে নদীভাঙন রোধ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মিছিল, উঠান বৈঠক ও জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

বক্তব্যে মাওলানা আহমদ বিলাল বলেন, মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা মনু নদী প্রতি বছর বর্ষা মৌসুমে রাজনগরের বিভিন্ন এলাকায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি করে। এতে মানুষের বসতভিটা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও গত তিন বছরে এসব কাজ সম্পন্ন হয়নি। এই ব্যর্থতার দায় এড়ানো যাবে না।

তিনি আরও বলেন, মনু নদীর ভাঙন থেকে মানুষকে রক্ষার দায়িত্ব তিনি নিজেই নেবেন। প্রয়োজনে নতুন করে নদী খননের উদ্যোগ নেওয়া হবে এবং স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি শুকনো মৌসুমে কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

যোগাযোগ অবকাঠামো প্রসঙ্গে আহমদ বিলাল বলেন, মৌলভীবাজারের অনেক সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। এসব সড়ক দ্রুত সংস্কার ও প্রশস্ত করা প্রয়োজন। টেংরা–তারাপাশা–শমশেরনগর সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মৌলভীবাজার–টেংরা–কুলাউড়া–বড়লেখা, মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট এবং শায়েস্তাগঞ্জ–মৌলভীবাজার–শেরপুর সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কাউয়াদিঘী হাওর সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষাখাত নিয়ে তিনি বলেন, মৌলভীবাজার জেলা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার বিস্তার জরুরি। তিনি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ, কৃষি বিদ্যালয় এবং একটি সার্ভে ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি শমশেরনগর বিমানবন্দর চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে আহমদ বিলাল বলেন, দুর্নীতি ও অব্যবস্থাপনা কমিয়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

সুশাসনের বিষয়ে তিনি বলেন, ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। মানুষের মৌলিক চাহিদাকে প্রাধান্য দিয়েই তাঁর রাজনৈতিক পথচলা হবে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এদিকে, তাঁর নির্বাচনী প্রচারণার মিডিয়া উইং সূত্র জানায়, প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিত বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, মিছিল, মতবিনিময় সভা ও গণসংযোগ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়