Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শিবচতুর্দশীতে নির্মাই শিববাড়িতে অর্ধলক্ষ ভক্তের সমাগম

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

শিবচতুর্দশী উপলক্ষে ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শ্রীমঙ্গল উপজেলার নির্মাই শিববাড়ির ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাণেশ্বরনাথ মহাদেব মন্দির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগেই শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামে অবস্থিত এ মন্দির প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে আগত  ভক্তের ঢল নামে। ধূপের সুবাস, শঙ্খধ্বনি এবং ‘হর হর মহাদেব’ ধ্বনিতে পুরো এলাকা পরিণত হয় এক অনন্য ধর্মীয় আবহে।

দিনব্যাপী পূজা-অর্চনায় ভক্তরা মহাদেবের চরণে দুধ, গঙ্গাজল, বেলপাতা ও ফুল অর্পণের মাধ্যমে শিবচতুর্দশীর বিশেষ আনুষ্ঠানিকতা পালন করেন। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ।

নির্মাই শিববাড়ির স্থায়ী কমিটির সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী জানান, প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন এ তীর্থস্থানে প্রতিবছর শিবচতুর্দশী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। রোববার থেকেই বহু ভক্ত মন্দির চত্বরে রাত্রিযাপন শুরু করেন। ভোর হতেই ভক্তদের আগমনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শিবভক্তদের এই মহাসমাগমে শংকরসেনা গ্রাম দুই দিনের জন্য রূপ নেয় এক বৃহৎ ধর্মীয় মিলনমেলায়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়