Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬

পথসভা বাতিল করে সরাসরি হাসপাতালে রোগীদের পাশে এমপি

পথসভা বাতিল করে সরাসরি হাসপাতালে রোগীদের পাশে এমপি। ছবি: আই নিউজ

পথসভা বাতিল করে সরাসরি হাসপাতালে রোগীদের পাশে এমপি। ছবি: আই নিউজ

জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর ঢাকায় শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফিরেই ব্যতিক্রমী বার্তা দিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। 

সংবর্ধনা বা রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে তাঁর প্রথম গন্তব্য ছিল হাসপাতাল। উদ্দেশ্য, জনগণের চিকিৎসাসেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখা।

স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার, পথসভা বাতিল করে সরাসরি রোগীদের পাশে এমপি হাজী মুজিব।

রোববার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় নির্ধারিত পথসভা বাতিল করে তিনি সরাসরি হাসপাতালে পৌঁছান। হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে দলীয় নেতাকর্মীদের বাইরে রেখে একাই ভেতরে প্রবেশ করেন। এরপর ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন। কারও শয্যার পাশে দাঁড়িয়ে, কারও হাত ধরে শোনেন তাঁদের অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশার কথা। এ সময় ভর্তি রোগীদের মধ্যে এক প্যাকেট করে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে বৈঠক করেন সংসদ সদস্য। বৈঠকে তাঁরা জনবল সংকট, শয্যার স্বল্পতা, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা এবং একটি মাত্র অ্যাম্বুলেন্স দিয়ে পুরো এলাকার সেবা দেওয়ার সমস্যার কথা তুলে ধরেন।

পরিদর্শন শেষে হাজী মুজিব বলেন, “এই এলাকার মানুষের ভালোবাসা ও ভোটেই আমি সংসদ সদস্য হয়েছি। তাই দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হিসেবে তাঁদের সেবার জায়গাগুলো দেখতে চেয়েছি। আনুষ্ঠানিকতা পরে হবে আগে কাজ শুরু হোক। হাসপাতালে এসে দেখলাম কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে চিকিৎসকেরা আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন, সেটি প্রশংসনীয়।”

পথসভা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, “জনসমাগম হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হতে পারে, সেই বিবেচনায় পথসভা বাতিল করেছি। আমি চাই না আমার কারণে জনগণের কষ্ট হোক।”

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য জানান, চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি, শয্যা বাড়ানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেটিই আমার লক্ষ্য।”

এ ছাড়া দুই উপজেলায় অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি। ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম শুরু করার আশ্বাস দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

সংসদ সদস্যের এই আকস্মিক হাসপাতাল পরিদর্শন স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি হিসেবে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডের দিকনির্দেশনা দিচ্ছে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়