শ্রীমঙ্গল প্রতিনিধি
মতবিনিময় সভা
যদি দোষ-ত্রুটি খুঁজে পান, তা নির্দ্বিধায় প্রকাশ করুন: হাজী মুজিব
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গল-এর সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের সাগরদিঘি সড়কে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব-এর হলরুমে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন।
সভায় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।
নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকদের কোনো দলের লেজুড়ভিত্তিক না হয়ে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি বলেন, “আমার দলের নেতাকর্মী কিংবা আমাদের মধ্যেও যদি কোনো দোষ-ত্রুটি খুঁজে পান, তা নির্দ্বিধায় প্রকাশ করুন। সাংবাদিকদের সমালোচনা ও পরামর্শ ছাড়া আমার চলবে না। আপনারা ভালো-মন্দ তুলে ধরলে জনগণ যেমন বুঝতে পারবে, আমিও বুঝতে পারব আমার কাজ সঠিক হচ্ছে কি না।”
যানজট নিরসনে বাইপাস সড়ক, পৌরসভা সম্প্রসারণের উদ্যোগ
তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে যেমন বিভিন্ন সমস্যা রয়েছে, তেমনি রয়েছে ব্যাপক সম্ভাবনা। এসব বিষয় সামনে রেখে তিনি কাজ করবেন বলে জানান।
শ্রীমঙ্গল শহরে তীব্র যানজট বর্তমানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানে দ্রুত বাইপাস সড়ক নির্মাণকাজ শুরু করা হবে। পাশাপাশি দীর্ঘ প্রায় ৯০ বছরেও প্রথম শ্রেণির (এ ক্লাস) পৌরসভা হওয়া সত্ত্বেও শ্রীমঙ্গল পৌরসভার সীমানা বৃদ্ধি হয়নি বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে শ্রীমঙ্গলের ইউএনও’র সঙ্গে আলোচনা হয়েছে এবং ম্যাপ প্রস্তুতসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি আছে জানিয়ে তিনি বলেন, আগামী পৌরসভা নির্বাচনের আগেই সীমানা সম্প্রসারণ করা হবে।
পর্যটন খাতের উন্নয়নে গুরুত্ব
পর্যটননগরী হিসেবে শ্রীমঙ্গলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে জরুরি উল্লেখ করে তিনি বলেন, পর্যটকদের সুবিধার্থে সড়ক ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।
দুর্নীতি ও মাদকে জিরো টলারেন্স
দুর্নীতি ও মাদকবিরোধী অবস্থানে কঠোর থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, এ বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি উপজেলার সমস্যা ও করণীয় বিষয়ে তিনি নিয়মিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের প্রস্তাব
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এ অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তারা ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে শ্রীমঙ্গলে বিশেষ ট্রেন চালু, বিমানবন্দর পুনরায় চালু করাসহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























