Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ১০ মার্চ ২০২৬

কমলগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

কমলগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: আই নিউজ

কমলগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দূর্বৃত্তদের দেওয়া আগুনে এক সংখ্যালঘুর বাড়ির গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা প্রায় ২০০ মন ধান পুড়ে ছাই হয়ে যায় এবং একটি গর্ভবতী জার্সি গরু আগুনে পুড়ে মারা যায়। এছাড়া আরও চারটি গরু গুরুতরভাবে আহত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ভোররাত প্রায় ৫টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রায়নগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুবেল দাস জানান, আগের রাতে প্রায় ১০টার দিকে তার চাচাতো ভাইয়ের খড়ের পালায় কে বা কারা আগুন দেয়। পরে ভোররাত আনুমানিক ৫টার দিকে তার ঘরেও আগুন দেওয়া হয়। এতে ঘরে থাকা পাঁচটি গরু ও প্রায় ২০০ মন ধান আগুনে পুড়ে যায়। এর মধ্যে চার মাসের গর্ভবতী একটি জার্সি গরু আগুনে পুড়ে মারা যায় এবং বাকি চারটি গরু গুরুতরভাবে দগ্ধ হয়। বর্তমানে আহত গরুগুলো চিকিৎসাধীন রয়েছে এবং সেগুলো বাঁচবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তিনি আরও বলেন, “ঘর ও ধান পুড়ে যাওয়ার কষ্টের চেয়েও গরুগুলো আগুনে পুড়ে যাওয়ার কষ্টটা বেশি। আমার মা গরুগুলোকে বাঁচাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন। একটি জার্সি গরুর মূল্যই ছিল প্রায় সোয়া লাখ টাকা। সব মিলিয়ে আমার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

রুবেল দাস প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে  অনেক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়