Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ১১ মার্চ ২০২৬

শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সরাসরি মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে জোরালো তৎপরতা শুরু করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে শহরের চৌমুহনা থেকে হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড সড়কে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। এ সময় রাস্তার ওপর বসানো দোকানপাট সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, ফলে যানজটও তীব্র আকার ধারণ করেছিল।

অভিযানের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহরের বাস কাউন্টার এলাকাও পরিদর্শন করেন। সেখানে একসঙ্গে একাধিক গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে সৃষ্ট যানজটের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে বাস কাউন্টারের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি শৃঙ্খলা বজায় রেখে গাড়ি রাখার নির্দেশনা দেন।

তিনি বাস কাউন্টার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল শহরের প্রধান সড়কগুলোতে যানজট সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ব্যস্ত সময়ে যানবাহনের অতিরিক্ত চাপ এবং নির্দিষ্ট পার্কিং ব্যবস্থার অভাবে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই পরিস্থিতি নিরসনে উপজেলা প্রশাসন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনসহ ট্রাফিক বিভাগ ও শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়