রুপম আচার্য্য
ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটন নগরী চায়ের দেশ
ছবি: আই নিউজ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে দেশের অন্যতম পর্যটনসমৃদ্ধ অঞ্চল শ্রীমঙ্গল যেন পরিণত হয়েছে এক প্রাণচঞ্চল উৎসবের জনসমুদ্রে। চায়ের দেশ হিসেবে খ্যাত এই জনপদের বিভিন্ন দর্শনীয় স্থানজুড়ে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ঈদের দিন থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ দিন পর্যন্ত সরেজমিনে দেখা যায়, শহরের ভেতর ও আশপাশের পর্যটন স্পটগুলো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে আগত দর্শনার্থীরা প্রকৃতির সান্নিধ্যে কাটাচ্ছেন আনন্দঘন সময়।
শ্রীমঙ্গলের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বধ্যভূমি ৭১, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, রাবার বাগান, বিটিআরআই চা বাগান, চা কন্যার ভাস্কর্য, নীলকণ্ঠ সাত রঙের চা কেবিন, হরিণছড়া গলফ মাঠ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এসব স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে লাউয়াছড়া জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ (ধলই চা বাগান), নূরজাহান চা বাগান এবং মাধবপুর লেকে পর্যটকদের ঢলে পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্যকর পরিবেশ।
ঈদে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তাদের উপস্থিতি ভ্রমণকারীদের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ জুগিয়েছে।
মৌলভীবাজার জেলার প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সবুজে ঘেরা বিস্তীর্ণ চা বাগান, জীববৈচিত্র্যে সমৃদ্ধ বনাঞ্চল এবং নান্দনিক লেক, সব মিলিয়ে এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। বিশেষ করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটে।
ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা ছবি তোলা, সেলফি এবং পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত সময় পার করছেন। শিশুদের হাসি-খুশিতে মুখর হয়ে উঠেছে পুরো পর্যটন এলাকা। একইসঙ্গে চায়ের দোকানগুলোতে জমে উঠেছে প্রাণবন্ত আড্ডা। আর ‘চাঁদের গাড়ি’ খ্যাত জিপে চড়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন চা বাগানের আঁকাবাঁকা পথে, যা ভ্রমণকে করেছে আরও রোমাঞ্চকর।
রাজধানীর উত্তরা থেকে আসা মিম রহমান বলেন, “শ্রীমঙ্গল সবসময়ই সুন্দর। বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি স্থান এটি, যার সুনাম বিদেশেও রয়েছে। নুরজাহান চা বাগানে ঘুরেছি, ছবি তুলেছি। যদিও আবহাওয়া বেশ গরম ছিল, তবুও সবুজে ঘেরা পরিবেশ মন ভরিয়ে দিয়েছে। চা বাগানের সৌন্দর্য সবসময়ই মুগ্ধ করে, সেখানে বেশ কিছু সময় কাটিয়েছি।”
ঢাকা থেকে আসা লিমন মিয়া বলেন, “আজকের ভ্রমণটি আমার কাছে দারুণ লেগেছে। নুরজাহান চা বাগান ও গ্র্যান্ড সুলতান রিসোর্টে গিয়েছি। চারপাশের মনোমুগ্ধকর সবুজ প্রকৃতি সত্যিই অসাধারণ। লাউয়াছড়া বনে ঢোকার সময় দুটি বানর আমাদের হাত থেকে আনারস নিয়ে গেল, এ অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। সব মিলিয়ে পরিবারের সবাইকে নিয়ে চায়ের দেশে ঘুরতে এসে ভীষণ ভালো লাগছে।”
শিশুদের নিয়ে ঘুরতে আসা শাম্মী আক্তার বলেন, “পরিবারসহ ঘুরতে এসে খুবই ভালো লাগছে। সুন্দর ও নির্মল পরিবেশে নির্ভাবনায় সময় কাটাতে পেরেছি। বধ্যভূমি ৭১-এর সবুজ মাঠে শিশুরা খেলাধুলা করছে, শহরের ভেতরে এমন খোলা জায়গায় তাদের আনন্দ করতে দেখে মন ভরে যায়। কাজের ব্যস্ততায় সময় বের করা কঠিন, তাই ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি।”
ট্যুরিস্ট পুলিশ, শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ওসি মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে কেউ কোনো সমস্যায় না পড়েন, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। লাউয়াছড়া, মাধবপুর লেক, বধ্যভূমি, দার্জিলিং টিলাসহ দুই উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানে আমাদের টহল ব্যবস্থা সার্বক্ষণিকভাবে চালু রয়েছে।”
ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর হাজারো পর্যটক চায়ের দেশ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এসব দর্শনীয় স্থান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে চা বাগানগুলো পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে সময়-সময় থাকে। চায়ের সুবাস আর প্রকৃতির মায়ায় মোড়ানো শ্রীমঙ্গল ঈদের আনন্দকে যেন দিয়েছে এক নতুন মাত্রা।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























