Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ২৭ মার্চ ২০২৬

১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ

১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ। ছবি: আই নিউজ

১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ক্যামেলিয়া ডানকান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ করেন স্থানীয়রা।

নিহত ঐশি রবিদাস সমসেরনগর চা বাগানের শ্রমিক বাবুল রবিদাসের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, মাথাব্যথাজনিত সমস্যার কারণে বৃহস্পতিবার বিকেলে ঐশিকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাতের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় যথাসময়ে চিকিৎসক না পাওয়ার অভিযোগ করেন স্বজনরা।

নিহতের কাকা রঞ্জিত রবিদাস অভিযোগ করে বলেন, “ভর্তি করার পর রাতেই তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। আমরা বারবার জরুরি বিভাগের ডাক্তার চাইলেও কাউকে পাইনি। আমার ভাই প্রতিবাদ করলে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।” 
তিনি আরও জানান, রাতেই রোগীকে অন্যত্র নেওয়ার অনুরোধ জানানো হলেও কর্তব্যরতরা আশ্বস্ত করেন যে, সেখানেই চিকিৎসা সম্ভব। পরে শুক্রবার সকালে ঐশির মৃত্যু হয়।

ঘটনার প্রতিবাদে দুপুরে ক্ষুব্ধ চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা হাসপাতালে বিক্ষোভ করেন। এ সময় তারা মিছিল ও সমাবেশ করে হাসপাতালের প্রধান ডা. আনোয়ারুল হকের পদত্যাগ দাবি জানান।

চা শ্রমিক যুব নেতা সজল কৈরি বলেন, “চিকিৎসা অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”

তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সহকারী সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডা. বাহাউদ্দিন জানান, “রাতেই রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অভিভাবকরা তখন রাজি হননি এবং সকালে নেওয়ার কথা বলেন। সকালে রোগীর অবস্থা খারাপ হয়ে যায় এবং পরে তার মৃত্যু হয়।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, “ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। পরে তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।”

ঘটনাটি ঘিরে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়