ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ১৫ এপ্রিল ২০২৬

আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। লন্ডনভিত্তিক চ্যারিটি সংগঠন নূরীয়া মিশনের উদ্যোগে এই মানবিক প্রকল্প বাস্তবায়ন করা হয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় শিবপাশা ইউনিয়নের পাঁচটি এলাকায় স্থাপিত পাঁচটি টিউবওয়েলের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) জহিরুল হক শাকিল। সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এ তথ্য নিশ্চিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরীয়া মিশন হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মহিবুর রহমান চৌধুরী, শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিমখানার সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বিশিষ্ট মুরব্বি ঈমান আলী, শাহ জাহিনুরসহ শান্তিনগর এলাকার উপকারভোগী পরিবারের সদস্যরা।

​​​​​অনুষ্ঠান চলাকালে টেলিকনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত হয়ে নূরীয়া মিশনের সভাপতি মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জহিরুল হক শাকিল বলেন, “নূরীয়া মিশনের কার্যক্রম সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে অবগত। লন্ডনে অবস্থানকাল থেকেই দেখে আসছি, সংগঠনটি বাংলাদেশের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো নিরাপদ সুপেয় পানির সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়