ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৬, ১৯ এপ্রিল ২০২৬

ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

চুরির অপবাদে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এক নির্মম নির্যাতনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চুরির অপবাদে স্থানীয় বাসিন্দা পুনিল সিংহকে হাত-পা বেঁধে মারধর করা হচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) ভোরে পুনিল সিংহ নিজ কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। একপর্যায়ে পুনিল সিংহের বিরুদ্ধে সবজি চুরির অভিযোগ তোলেন তারা। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, পরে পুনিল সিংহকে তার জমি থেকে ধরে এনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সার্জেন্ট রঞ্জন সিংহ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অনেকের দাবি, তিনি প্রায়ই অন্যের ফসল নিজের বলে দাবি করেন এবং তার ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে তথ্য সংগ্রহে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান রঞ্জন সিংহ ও তার স্ত্রী। তবে গোপনে তারা মারধরের বিষয়টি স্বীকার করলেও এর কারণ প্রকাশ করতে চাননি। তাদের দাবি, এটি পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসাযোগ্য বিষয়।

অন্যদিকে, আহত পুনিল সিংহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এভাবে একজন মানুষকে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ হয়ে ফিরলে আমরা আইনি ব্যবস্থা নেব।”

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর তিনি বিষয়টি খোঁজখবর নিয়েছেন। তিনি বলেন, “ভুক্তভোগীরা আনুষ্ঠানিক অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়