ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৬, ২৫ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে মতবিনিময় সভা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজয়ী থিয়েটারের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারের কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজয়ী থিয়েটারের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু মিয়া।

সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, “দীর্ঘদিন ধরে দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শ্রীমঙ্গল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। ফলে স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং নতুন প্রজন্মের শিশু-কিশোরদের সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।”

সভায় বক্তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ও উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় সংসদ সদস্যের কাছে বিশেষ অনুরোধ জানান। তারা বলেন, শ্রীমঙ্গলে একটি পূর্ণাঙ্গ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা, শিশু উদ্যানে বিদ্যমান মুক্তমঞ্চের উন্নয়ন, টিনশেড ঘরটি সংস্কার করে শিশু একাডেমি ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার উপযোগী করা জরুরি। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য স্থায়ী মহড়া ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং শিশু উদ্যানকে সরকারি উদ্যোগে একটি আধুনিক শিশু পার্ক হিসেবে গড়ে তোলার দাবি জানান বক্তারা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পূর্ণাঙ্গ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের জন্য সরকারি অনুদানের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সংগঠনগুলোর তালিকা চেয়েছেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশে তিনি সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এ ধরনের মতবিনিময় সভা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, উদীচী শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় বিষু, সাংস্কৃতিক কর্মী পলাশ চৌধুরী এবং নাট্যকার ও নির্দেশক গোবিন্দ রায় সুমনসহ অন্যান্যরা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়