ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ২৬ এপ্রিল ২০২৬

ফুঁ দিয়ে অলৌকিক ক্ষমতার প্রলোভন: কমলগঞ্জে প্রতারক আটক

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ‘ফুঁ’ দিয়ে অলৌকিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে শমসেরনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জরিনা বেগম জানান, তিনি শমসেরনগর সোনালী ব্যাংক শাখা থেকে ২৯ হাজার ৯০০ টাকা উত্তোলন করে বের হওয়ার পরপরই দুই অজ্ঞাত ব্যক্তি তার কাছে আসে। তারা নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে ‘ফুঁ’ দিয়ে অলৌকিক ক্ষমতা দেখানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়।

পরে বিষয়টি টের পেয়ে জরিনা বেগম চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং প্রতারকদের ধাওয়া দেয়। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপর সহযোগী টাকা নিয়ে পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তি হাবিব মিয়া (৩০)। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে বলে জানা গেছে।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়