ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ২৯ এপ্রিল ২০২৬

ডিবি পরিচয়ে মুক্তিপণ দাবি

শ্রীমঙ্গলে প্রতারণা চক্রের ফাঁদ থেকে রক্ষা পেলেন ব্যবসায়ী

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর ছেলেকে ইয়াবাসহ গ্রেফতারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে একটি প্রতারক চক্র।

গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি স্থানীয় এক ব্যক্তির কাছে জানালে তিনি তাৎক্ষণিকভাবে তাকে টাকা না দেওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি র‍্যাব-৯, শ্রীমঙ্গল থানার ওসি ও সংশ্লিষ্ট সার্কেল এএসপি-কে অবহিত করেন। একই সঙ্গে কয়েকজন গণমাধ্যমকর্মীকেও বিষয়টি জানানো হয়।

পরে সার্কেল এএসপি মহোদয়ের সঙ্গে ভুক্তভোগী ব্যবসায়ীকে নিয়ে সাক্ষাৎ করে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তার দ্রুত ও আন্তরিক পদক্ষেপের ফলে একটি বড় ধরনের প্রতারণা থেকে রক্ষা পান ওই ব্যবসায়ী। খোঁজ নিয়ে জানা যায়, তার ছেলে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে নিজ এলাকায় অবস্থান করছিলেন।

ব্যবসায়ী জানান, ছেলের সঙ্গে সামান্য মনোমালিন্যের জেরে সে রাগ করে দোকান থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর অজ্ঞাত একটি নম্বর থেকে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ফোন আসে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে জানানো হয়, তার ছেলেকে ইয়াবাসহ গ্রেফতার করা হবে। এ সময় ৫০ হাজার টাকা দাবি করা হয় এবং বলা হয়, টাকা না দিলে তার ছেলেকে ইয়াবা মামলায় গ্রেফতার করা হবে।

পরিস্থিতিতে দিশেহারা হয়ে তিনি স্থানীয় এক সাংবাদিকের শরণাপন্ন হন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে তিনি বুঝতে পারেন, এটি একটি প্রতারক চক্রের কৌশল ছিল।

এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ ফোন করে অর্থ দাবি করলে তা যাচাই না করে কোনো অবস্থাতেই টাকা দেওয়া উচিত নয়। প্রয়োজনে নিকটস্থ থানা বা প্রশাসনের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ