ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৫, ১৪ মে ২০২৬

হামের টিকায় অনিয়ম ও শিশুমৃত্যুর প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারে হামের টিকা কার্যক্রমে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে শহরের টিসি মার্কেট সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি সংক্ষিপ্ত আকারে পালন করা হয়।

শহর শাখার আহ্বায়ক বিজয় দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসা ব্যবস্থার অবহেলা, টিকা সংগ্রহে গাফিলতি এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে দেশে হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। তারা বলেন, শিশুদের জীবন রক্ষায় সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের ব্যর্থতা চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার পরিবর্তে সরকার অন্যান্য বিষয়ে বেশি মনোযোগ দিচ্ছে বলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত হামের টিকা নিশ্চিত করা, শিশুমৃত্যু রোধে জরুরি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা দেশের কৃষি, শিল্প ও বাণিজ্যের জন্য ক্ষতিকর বলে দাবি করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়েও সমালোচনা করেন। তারা এ চুক্তি বাতিলের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ থেকে হামের টিকা সংক্রান্ত অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়