ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ১৫ মে ২০২৬

কোটি টাকার ঘুষের অভিযোগে এসপি রিয়াজুল ইসলাম প্রত্যাহার

মো. রিয়াজুল ইসলাম

মো. রিয়াজুল ইসলাম

কোটি টাকার ঘুষের বিনিময়ে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) পদে পোস্টিং পাওয়ার প্রাথমিক সত্যতার অভিযোগ উঠায় সদ্য যোগদান করা এসপি মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের পক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার মো. রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে আগামী ১৬ মে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

জানা যায়, চলতি মাসেই এসপি পর্যায়ে ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়। তবে এসব পদায়ন ঘিরে মোটা অঙ্কের ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। এরই মধ্যে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন পাওয়া প্রত্যুষকে যোগদান করতে নিষেধ করা হয়েছে। এছাড়া পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান এবং ফেনী জেলায় পদায়ন পাওয়া মাহবুব আলমের পোস্টিংও বাতিল করা হয়।

এ অবস্থায় মৌলভীবাজারের এসপি মো. রিয়াজুল ইসলামকে ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়। অভিযোগ উঠেছে, আড়াই কোটি টাকার চুক্তিতে তিনি মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন। তবে দায়িত্ব পাওয়ার পর প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করে সংশ্লিষ্ট পক্ষকে নানা ধরনের আশ্বাস ও তালবাহানায় রাখছেন।

অভিযোগে আরও বলা হয়, নিয়োগ পাওয়ার দুই দিন পর অর্থাৎ ৭ মে তিনি এক আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা পরিশোধ করেন। তবে বাকি ২ কোটি ৩০ লাখ টাকা এখনও পরিশোধ করেননি বলেও অভিযোগ রয়েছে।

গত ৫ মে ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ জন কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়। ওই বদলি ঘিরে নিয়োগ বাণিজ্যের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অন্তত একজন এসপির বদলিতে কয়েক কোটি টাকার লেনদেনের তথ্য-প্রমাণ প্রকাশিত হয়েছে বলেও দাবি ওঠে।

এদিকে, রিয়াজুল ইসলামকে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় নিয়েও আলোচনা চলছে। তিনি বুয়েটের সাবেক ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের আজীবন সদস্য বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

রিয়াজুল ইসলামকে কারা এই পদে নিয়োগ দিয়েছেন এবং পরে কেন তিনি তাদের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন, তা নিয়েও প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়