ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৮, ১৭ মে ২০২৬

সিলেটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

কৃষি ও কৃষকের সুরক্ষায় সরকার কাজ করছে: কৃষিবিদ মসীহুর রহমান

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং কার্যক্রম চালু করা হয়েছে এবং কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষকদের কাছে সহজে কৃষি তথ্য পৌঁছে দিতে কৃষি তথ্য সার্ভিস টেলিভিশন, রেডিও, সামাজিক যোগাযোগমাধ্যম, লিফলেট ও ফোল্ডারের মাধ্যমে নিয়মিত কৃষি প্রযুক্তিভিত্তিক তথ্য প্রচার করছে। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর ও সংস্থা মাঠপর্যায়ে কৃষি ও কৃষকের সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

শনিবার (১৬ মে ২০২৬) কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোম্পানীগঞ্জের সহযোগিতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত “কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কৃষি শুধু ধান বা ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষির সঙ্গে মৎস্য উৎপাদন, গবাদিপশু ও পাখি পালনও জড়িত। এসব খাতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত কৃষি উৎপাদনের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং দারিদ্র্য দূর করা সম্ভব।

কৃষি বিষয়ক যেকোনো সমস্যা সমাধানে তিনি কৃষি কল সেন্টার ১৬১২৩ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন। এছাড়া প্রশিক্ষণলব্ধ জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে সহায়ক বলে উল্লেখ করেন।

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাজিবুল হাসান।

প্রশিক্ষণে সিলেট অঞ্চলে মাটি ও ফসলের সুরক্ষায় জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার, কৃষক কার্ডের মাধ্যমে সমন্বিত ডিজিটাল পরিচয়, রাসায়নিক বালাইনাশক ব্যবহারে সতর্কতা, কৃষি বিষয়ক ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপসের পরিচিতি ও ব্যবহার বিষয়ে তরুণ কৃষি উদ্যোক্তা এবং প্রগতিশীল কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন টেকনিক্যাল পার্টিসিপেন্ট উম্মে ছালমা। ডকুমেন্টারি প্রদর্শন উপস্থাপনা করেন কৃষি তথ্য সার্ভিস, সিলেটের এআইসিও মো. জুলফিকার আলী।

এতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ব্লকের ৩০ জন তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়