ঢাকা, রোববার   ২৪ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৩, ২৩ মে ২০২৬

মৌলভীবাজারে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে চা পাতা উত্তোলনের সময় আকস্মিক বজ্রপাতে পাঁচ নারী চা শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শ্রমিকরা হলেন— পরি বুনার্জি (৪৫), আলমিনা মুন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরী (৩২) ও রুজিনা নাহার (৪২)।

চা বাগান সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাগানের প্লান্টেশন এলাকায় শ্রমিকরা চা পাতা উত্তোলনের কাজ করছিলেন। এ সময় ভারী বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে পাঁচ নারী শ্রমিক গুরুতর আহত হন। পরে সহকর্মী শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে সিএনজি অটোরিকশাযোগে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে রুজিনা নাহারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালএ স্থানান্তর করা হয়। অন্য আহতদেরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

কুরমা চা বাগানের বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাসী মুঠোফোনে জানান, চা পাতা তোলার সময় আকস্মিক বজ্রপাতে পাঁচজন নারী শ্রমিক আহত হন। আহতদের দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে।

তিনি আরও জানান, বাগান কর্তৃপক্ষ আহতদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা করছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে আহত পাঁচ নারী শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে রুজিনা নাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

এদিকে আকস্মিক বজ্রপাতের ঘটনায় কুরমা চা বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শ্রমিকরা জানান, বৈরী আবহাওয়ার সময় খোলা মাঠ ও টিলাভিত্তিক চা বাগানে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা এবং আগাম আবহাওয়া সতর্কবার্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়