ঢাকা, শনিবার   ৩০ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ৩০ মে ২০২৬

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের ঈদ আড্ডা ও কায়েস আজিজকে সংবর্ধনা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ আড্ডা ও “রূপসী শ্রীমঙ্গল” মিউজিক্যাল ডকুমেন্টারির রচয়িতা কায়েস আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মানিক শিকদার, একুশে টেলিভিশনের ন্যাশনাল ডেস্কের সিনিয়র নিউজরুম এডিটর মাসুমা লিসা, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শিক্ষক জহর তরফদার, কবি লুৎফুর রহমান, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য, আরটিভির মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, মাই টিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে সংগীতশিল্পী তারেক ইকবাল ও মলয় দত্তের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় শ্রীমঙ্গলের অপরূপ প্রকৃতি, চা-বাগানের সবুজ গালিচা, ইতিহাস ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার ব্যতিক্রমী প্রয়াস “রূপসী শ্রীমঙ্গল” মিউজিক্যাল ডকুমেন্টারির রচয়িতা কায়েস আজিজকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

কায়েস আজিজ বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন লেবার পার্টির নর্থ ওয়েস্ট মিনিস্টার শাখার ফিনান্সিয়াল অডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর প্রধান নির্বাহী, ‘এনআরবি নিউজ ইউকে’-এর সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য।

তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন স্বনির্ভর বাংলাদেশ-এর মৌলভীবাজার মহকুমা চেয়ারম্যান, প্রয়াত আব্দুর জব্বার।

শিক্ষাজীবনে কায়েস আজিজ শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে তিনি লন্ডনের অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। পেশাগতভাবে একজন অ্যাকাউন্ট্যান্ট হলেও সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর রয়েছে গভীর অনুরাগ।

তিনি একজন গীতিকার, সুরকার, সাংবাদিক ও সমাজসেবী হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত। শ্রীমঙ্গলের সৌন্দর্য, সংস্কৃতি ও পর্যটনের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই তিনি নির্মাণ করেন “রূপসী শ্রীমঙ্গল” মিউজিক্যাল ডকুমেন্টারি। এতে তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী শিল্পী রুবায়েত জাহান।

গানগুলোতে উঠে এসেছে শ্রীমঙ্গলের সবুজ পাহাড়, চা-কন্যার জীবন, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং পর্যটনের অপার সম্ভাবনার চিত্র। একজন লেখক ও সংগঠক হিসেবে তিনি শ্রীমঙ্গলের মানুষের আবেগ, প্রকৃতির সৌন্দর্য এবং চা-বাগানের নান্দনিক রূপকে শিল্পসম্মতভাবে উপস্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শ্রীমঙ্গলকে আন্তর্জাতিক অঙ্গনে একটি পর্যটন ব্র্যান্ড হিসেবে পরিচিত করার অনন্য প্রচেষ্টা।

সমাজসেবামূলক কর্মকাণ্ডেও কায়েস আজিজের অবদান উল্লেখযোগ্য। পারিবারিকভাবে প্রতিষ্ঠিত ‘আযান ফাউন্ডেশন’-এর মাধ্যমে তিনি শ্রীমঙ্গলে একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এছাড়া অসংখ্য গভীর নলকূপ স্থাপন, অসহায় মানুষের ঘর নির্মাণে সহায়তা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়