ঢাকা, মঙ্গলবার   ০২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ২ জুন ২০২৬

ঈদের ছুটিতে লাউয়াছড়ায় ৪ দিনে প্রায় ৫ লাখ টাকার রাজস্ব আয়

লাউয়াছড়া জাতীয় উদ্যান। ছবি: আই নিউজ

লাউয়াছড়া জাতীয় উদ্যান। ছবি: আই নিউজ

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে চার দিনে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৪ হাজার ১৮১ জন পর্যটক উদ্যানটি পরিদর্শন করেছেন। এতে প্রবেশ টিকিট বিক্রি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৮৫২ টাকা।

বন বিভাগ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নগর জীবনের ব্যস্ততা ও ক্লান্তি থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে হাজারো পর্যটক ছুটে আসেন দেশের অন্যতম জীববৈচিত্র্যসমৃদ্ধ এই জাতীয় উদ্যানে। চার দিনের হিসাব অনুযায়ী দর্শনার্থীদের মধ্যে ২৭ জন বিদেশি পর্যটকও ছিলেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের দায়িত্বপ্রাপ্ত ট্যুর গাইড অজানা আহমেদ কামরান জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের দ্বিতীয় দিন থেকেই পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনের পরিবেশ রক্ষায় বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ বিশেষ নজরদারি বজায় রেখেছে। চার দিনে প্রায় ৫ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে, যা পর্যটন খাতের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

টিকিট কালেক্টর শাহীন আহমেদ বলেন, ঈদের চার দিনে চার হাজারের বেশি পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণ করেছেন। দর্শনার্থীদের সেবা নিশ্চিত করতে বন বিভাগের কর্মী ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বনের পরিবেশ সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল সক্রিয়। ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক প্রজিত কুমার দাশ জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছেন। থানা পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক এই পর্যটক সমাগম স্থানীয় অর্থনীতি, পর্যটন শিল্প এবং সরকারি রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। দেশের অন্যতম জনপ্রিয় ইকো-ট্যুরিজম গন্তব্য হিসেবে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়